২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া গৃহবন্দি কিনা সরকারকে জানাতে হবে

খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে কিনা তা সরকারকে রোববার জানাতে বলেছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 05:08 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা চ্যালেঞ্জ করে এবং ইচ্ছার বিরুদ্ধে বিদেশে না পাঠাতে সরকারকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করার পর বৃহস্পতিবার আদালত এ নির্দেশ দেয়। একইসঙ্গে এ নিয়ে আদালতের উদ্বেগের কথাও সরকারকে জানাতে বলা হয়। রোববার পুনরায় এ আবেদনের শুনানি হবে। সে দিন পর্যন্ত যেন খালেদা জিয়া স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন, তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার কথা সরকারকে জানাতে এটর্নি জেনারেলকে বলা হয়েছে।

জিয়া পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইলের বাবুল চৌধুরী বৃহস্পতিবার এ আবেদন করেন। (নতুন তথ্যসহ)

বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিয়া এবং বিচারপতি এমদাদুল হক এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।

আদালত বলেন, একজন ব্যক্তি, তিনি সাবেক প্রধানমন্ত্রী বা সাধারণ মানুষ, যেই হন না কেন তার স্বাভাবিক চলাফেরার অধিকার রয়েছে। কোনও অবস্থাতেই তার সে অধিকার খর্ব করা যায় না। বেআইনিভাবে কাউকেই আটক রাখা যায় না। আবেদনকারীরা খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা সম্পর্কে যা বলেছেন, তা আরও ভয়াবহ। এ সব বিষয় প্রাথমিকভাবে বিবেচনা করে আদালত উদ্বিগ্ন।

আদালত এ উদ্বেগের কথা সরকারের সংশ্লিষ্টদের জানানোর জন্য অতিরিক্ত এটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদকে বলেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, আমি যতদূর জানি খালেদা জিয়াকে আটক বা গৃহবন্দি রাখা হয়নি। তিনি মুক্ত আছেন। বরং তিনি ছেলে তারেককে আদালতে দেখতে না যাওয়ায় আমরা বেশ অবাক হয়েছি।

বাবুল চৌধুরীর আবেদনে বলা হয়, খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখে মাত্র চারজন ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে। তার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, দলীয় নেতাকর্মী এবং আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময় পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।

আবেদনে আরও বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলে সরকারই স্বীকার করছে। তারপরও তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কোনো মামলা না থাকা সত্ত্বেও তার ছোট ছেলেকে আটক করা হয়েছিল। এসবই করা হচ্ছে তাকে চাপ প্রয়োগ করার জন্য ও দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য।

আবেদনে খালেদা জিয়াকে আদালতে হাজির করার নির্দেশ চাওয়া হয়েছে। কারণ সরকারকে দেখাতে হবে যে তাকে জোর করে আটক রাখা হয়নি। একইসঙ্গে খালেদা জিয়াকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত ও জোর করে বিদেশ না পাঠানোর জন্য সরকারের প্রতি রুল জারি করতে আবেদন করা হয়।

এ আবেদনে স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, জেলা প্রশাসক, র‌্যাবের মহাপরিচালক, যৌথ বাহিনীর অধিনায়ক এবং ডিএমপি কমিশনারকে পক্ষভুক্ত করা হয়েছে।

বাবুল চৌধুরীর পক্ষে মামলাটি নথিভুক্ত করেন মাইনুল হায়দার চৌধুরী। এটি পরিচালনা করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আজিজুল হক এবং মাহবুবউদ্দিন খোকন।