উচ্চ আদালতের জামিন দিতে পারার শুনানি পুনর্গঠিত বেঞ্চে
জরুরি ক্ষমতা আইনে অভিযুক্ত ব্যক্তির জামিন আবেদন উচ্চ আদালত বিবেচনা করতে পারবে কিনা সে বিষয়ে শুনানি হবে হাইকোর্টের পুনর্গঠিত বেঞ্চে। প্রধান বিচারপতি বুধবার বিষয়টি পুনর্গঠিত বেঞ্চে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস এম এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে নতুন করে শুনানি অনুষ্ঠিত হবে।
গত ২১ মার্চ জারি করা জরুরি ক্ষমতা বিধিমালার দ্বিতীয় সংশোধনীতে অভিযুক্ত ব্যক্তির জামিন পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোপূর্বে এর ওপর পূর্নাঙ্গ শুনানি গ্রহণ করে।
গত ১৬ এপ্রিল এর ওপর রায় প্রদানের দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন হাইকোর্টের এই বেঞ্চ পুনর্গঠিত হওয়ায় রায় হয়নি।
হাইকোর্ট এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য প্রধান বিচারপতির কাছে পরামর্শ চায়। প্রধান বিচারপতির নির্দেশে বুধবার আদালতের কার্যতালিকায় ৮৯ নং ক্রমিকে বিষয়টি পুনরায় শুনানির জন্য অন্তর্ভূক্ত হয়।
জামিন পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে জরুরি ক্ষমতা বিধিমালার দ্বিতীয় সংশোধনীর পর একটি তেল পাচার সংক্রান্ত মামলার আসামি খুলনার জনৈক মাইজউদ্দিন শিকদার জামিন চাইলে জামিন দেওয়া না দেওয়ার প্রশ্নটি হাইকোর্টে প্রথম উত্থাপিত হয়।
গত ৩ এপ্রিল হাইকোর্ট মাইজউদ্দিনকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করে। অন্যদিকে সরকার এর কয়েকদিন পর, গত ৮ এপ্রিল তৃতীয়বার জরুরি ক্ষমতা বিধিমালার সংশোধন করে জামিনের ওপর কড়াকড়ি আরোপ করে।
