২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আবুল খায়ের ভূঁইয়া ও এ্যানির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লক্ষ্মীপুরে সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে তিনটি মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে মামলাগুলো নথিভুক্ত করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 09:48 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

মামলা তিনটির মধ্যে দুটি দায়ের করা হয়েছে সাবেক সাংসদ, লক্ষীপুর জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার বিরুদ্ধে। রায়পুর থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন স্থানীয় একটি ইট ভাটার মালিক মোহাম্মদ আব্বাস উদ্দিন। মামলার অভিযোগে বলা হয়, চাঁদা না দেওয়ায় আবুল খায়ের ভূঁইয়ার সহযোগী শফিকুর রহমান ও বাবু ২০০৬ সালের ৫ মে আব্বাস উদ্দিনের ইটভাটা থেকে ৫৫ হাজার ইট নিয়ে যায়।

অপর মামলার বাদী রায়পুর উপজেলার ফজলুল মিশন দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, ২০০৬ সালের ১০ জুন আবুল খায়ের ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হোসেন আহম্মদ ও স্থানীয় পৌর কমিশনার ইনামুল হক তার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা নেন। পরে তারা আরও এক লাখ চাঁদা টাকা দাবি করেন এবং চাঁদা না দিলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন।

রায়পুর থানার উপ পরিদর্শক মধুসূধন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকেলে এই মামলার আসামি হোসেন আহাম্মদকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে খোন্দকার মোহাম্মদ আলমগীর হোসেন নামের এক ব্যক্তি লক্ষ্মীপুর সদর থানায় সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউছুফ ভূঁইয়া, আনোয়ার হোসেন বাচ্চু এবং পৌর কমিশনার লোকমানসহ মোট ১২জনকে আসামী করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, এ্যানির নির্দেশে মামলার আসামীরা চাঁদার দাবিতে বাদীর বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ সময় বাদিকে হত্যারও হুমকি দেয় তারা।

সদর থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই ইভা জানান, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।