২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জেএমবি সদস্য ও বিএনপি নেতা গ্রেপ্তার

র‌্যাব নগরীতে পৃথক অভিযান চালিয়ে একজন জেএমবি সদস্য এবং একজন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 07:56 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

র‌্যাব সূত্র জানায়, নগরীর বাকলিয়া এলাকার রাহাত্তারপুল মাজার গেটে অভিযান চালিয়ে র‌্যাব-৭ এর একটি দল মামলার পলাতক আসামী এবং জেএমবি সদস্য জুলফিকার আলীকে (২৮) মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করেছে।

সূত্র জানায়, তার বাড়ি জেলার সীতাকুণ্ড থানায় এবং সে জেএমবির এহসার গ্রুপের সদস্য।

র‌্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল হাসিনুর রহমান জানান, দীর্ঘদিন থেকে জেএমবির সদস্য জুলফিকারকে ধরার জন্য র‌্যাব চেষ্টা চালিয়ে আসছিল। তাকে ধরার জন্য র‌্যাব সীতাকুণ্ডসহ বিভিন্ন জায়গায় এর আগে অভিযান চালায়। বার বার স্থান ও নাম পরিবর্তন করে সে পালিয়ে ছিল।

অবশেষে মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রাহাত্তারপুল এলাকার একটি বিলের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে দেশ জুড়ে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে হালিশহর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

এদিকে, র‌্যাব-৭ এর অপর একটি দল বুধবার দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে খুলশী থানা বিএনপির সভাপতি মো. শাহ আলমকে গ্রেপ্তার করেছে।

শাহ আলম চট্টগ্রামের আলোচিত শিপিং ব্যবসায়ী জাকির হত্যা মামলার আসামী।

র‌্যাব-৭ এর মেজর আনিসুজ্জামান জানান, শাহ আলমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি জানান, শাহ আলম এখনও র‌্যাব হেফাজতে রয়েছে।

বিএনপি নেতা শাহ আলম বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর লালখান বাজার ওয়ার্ড কমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।