শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
শেরপুর শহরের নারায়ণপুর এলাকার একটি পুকুরে ডুবে দুরন্ত নামে সাড়ে তিন বছরের একটি শিশু মারা গেছে। বুধবার সকালে পুকুরে তার লাশ ভেসে উঠলে খবর পেয়ে শিশুটির বাবা গিয়ে তা নিয়ে আসে।
শিশুটির বাবা কালু চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, মঙ্গলবার বিকেলে তার ছেলে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজির পরও তাকে কোথাও পাওয়া যায়নি। বুধবার সকালে বাড়ির পাশের কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের পুকুরে একটি শিশুর লাশ ভেসে ওঠার খবর পান তিনি। ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ নিয়ে আসেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। পুকুরের পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে কোন মামলা দায়ের করা হয়নি।
