জঙ্গি মদদদানের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে মামলা
জেএমবি নেতা বাংলাভাই ও তার সহযোগীদের মদদ, চাঁদাবাজি এবং নির্যাতনের অভিযোগে সাবেক জোট সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, এলডিপি নেতা আলমগীর কবির ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সাবেক সভাপতি সামশুল আলম প্রামানিকসহ ৩৬ জনকে আসামী করে নওগাঁয় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাভাই ও তার সহযোগীদের হাতে নির্যাতিত নওগাঁর আত্রাই উপজেলার বড়াইকুড়ি গ্রামের আনিছার রহমান মাস্টার বাদী হয়ে মঙ্গলবার নওগাঁর ৩ নম্বর ফৌজদারি আদালতে মামলাটি দায়ের করেন।
বিচারক ফজলুল হক মামলাটি গ্রহণ করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়াকে নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, গত ২০০৪ সালের ২১ এপ্রিল বাংলাভাই ও তার ৩০/৪০ সহযোগী আনিছার রহমান মাস্টারের বাড়িতে এসে তাকে মারপিট করে তুলে নিয়ে যায় ও এক লাখ টাকা চাঁদা দাবি করে।
ওইদিন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির আনিছার রহমানের ছেলের কাছে ফোন করে বাংলাভাইয়ের চাহিদা মতো টাকা দেওয়ার নির্দেশ দেন।
পরদিন বাংলাভাইয়ের সহযোগীরা আবারও আনিছার রহমানের বাড়িতে ভাংচুর, লুটপাট ও চালিয়ে একলাখ টাকা নিয়ে যায়।
এরপর ২৩ এপ্রিল মিথ্যা অস্ত্র মামলা দিয়ে আনিছার রহমান মাস্টারকে বাগমারা থানায় সোপর্দ করা হয়।
এসব কাজে আলমগীর কবির ছাড়াও বিএনপির সাবেক এমপি সামশুল আলম প্রামানিক মদদ দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। মামলার বাকি সবাই বাংলাভাইয়ের সহযোগী।
বাদী আরজিতে বলেছেন, আসামীরা প্রভাবশালী হওয়ায় এবং অনুকূল পরিবেশ না থাকায় তিনি এতদিন মামলা করতে সাহস পাননি।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে কে তিনি জানান, বিশেষ দূত মারফত মামলা দায়েরের খবর তার কাছে পৌঁছেছে। তবে এর বেশি এ মুহূর্তে তিনি কিছু বলতে পারছেন না।
