২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদদের বিনাশুল্কে গাড়ি আমদানির সুযোগ বাতিল

সংসদ সদস্যরা এখন থেকে আর বিনাশুল্কে গাড়ি আমদানির সুযোগ পাবেন না। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ সুযোগ বাতিলের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের এ তথ্য দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 09:48 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ফাহিম মুনয়েম জানান, সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা সংক্রান্ত আইনের ৩৭ নম্বর ধারা অনুযায়ী বিনাশুল্কে গাড়ি আমদানির সুযোগ পেতেন সাংসদরা। এ আইন কার্যকর হওয়ার পর ১৯৮৮ সাল থেকে তারা বিনাশুল্কে গাড়ি আমদানি শুরু করেন। ২০০১ সাল পর্যন্ত কার্যকর থাকা এ আইনে একজন সাংসদ একটি ১৩০০ সিসির কার বা জিপ আমদানির সুযোগ পেতেন।

২০০১ সালের অক্টোবরে আইনটি সংশোধন করা হয়। সংশোধিত আইনে একজন সংসদ সদস্য প্রথমবার শপথ নেওয়ার পর টানা আট বছর সাংসদ হিসাবে দায়িত্ব পালন করলে দুইদফায় একটি করে ১৬০০ সিসির কার বা ৩০০০ সিসির জিপ বিনা শুল্কে আমদানির সুযোগ পেতেন। বিগত জোট সরকার এই ‘সিসির’ বাধ্যবাধকতাও তুলে দেয়।

এই আইনের আওতায় ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত পাঁচ বছরে সাংসদরা মোট ৩০৩টি গাড়ি আমদানি করেন। এসব গাড়ি কেনার পেছনে ব্যয় হয় মোট ১০৩ কোটি টাকার বৈদেশিক মূদ্রা। আর শুল্ক আরোপের বিধান না থাকায় সরকার ২১১ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়।

বর্তমানে সংসদ কার্যকর নেই। প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী ২০০৮ সালের শেষ ভাগের আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না। তাহলে এখন কেন এ সুযোগ বাতিল করা হল তা জানতে চাইলে ফাহিম মুনয়েম বলেন, এটা প্রতীকী সিদ্ধান্ত। সরকার মনে করে বিনাশুল্কে গাড়ি আমদানির এ ধারাটি বাতিল করা দরকার।