টঙ্গীতে ওএমএস এর চাল উদ্ধার, ডিলার গ্রেপ্তার
ওএমএস এর তিন টন চালসহ এক ডিলারকে রোববার রাতে গ্রেপ্তার করেছে টঙ্গী থানা পুলিশ। আড়তদারের কাছে চাল বিক্রির সময় দুলাল নামের ওই ডিলারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তুরাগ থানার বাউনিয়া এলাকার ওএমএস ডিলার দুলাল রোববার তেজগাঁও সরকারি ভাণ্ডার থেকে তিন টন চাল তোলে। বাউনিয়ায় খোলা বাজারে বিক্রি করার কথা থাকলেও সে ওই চাল টঙ্গী নতুন বাজারের আড়তদার আনোয়ারের কাছে বিক্রি করে দেয়। রোববার রাতে নতুন বাজারে ট্রাক থেকে চাল নামানোর সময় পুলিশ দুলালকে গ্রেপ্তার করে।
ট্রাক চালক ও আড়তদার আনোয়ার এ সময় পালিয়ে যায়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, দুলাল ও আনোয়ারকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
