২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুড়িয়ে ফেলা হচ্ছে তিতাসের ৩ নম্বর কূপের গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার দুটি গ্রামে অব্যাহত গ্যাস উদগিরণ রোধে বন্ধ করে দেওয়া তিতাসের ৩ নম্বর কূপের বেরিয়ে আসা গ্যাস এখন জ্বালিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 08:16 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

আকস্মিক আগুনে স্থানীয়রা আতঙ্কিত হলেও কর্তৃপক্ষ বলেছে সাময়িকভাবে কূপ বন্ধের প্রক্রিয়া হিসাবে এটি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামপুর ও আনন্দপুর গ্রামে অব্যহত গ্যাস লিকেজ রোধে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার তিতাস গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপ সাময়িকভাবে বন্ধ করে দেয়। এজন্য ৩ নম্বর কূপে উৎপাদিত দৈনিক ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের মধ্যে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাশের একটি জলাধারে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আবেদীন জানান, জাতীয় গ্রিডে গ্যাস না যাওয়ায় কূপের ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস পুড়িয়ে ফেলা হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মাহাবুবুর রহমান জানান, নিয়ন্ত্রিত ভাবেই আগুন জ্বালিনো হয়েছে। আগামী ২/৩ দিন এ রকম আগুন জ্বলবে।

তিনি আরো জানান, গ্যাস উদগিরণ রোধে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। এছাড়া আজ কালের মধ্যে বিদেশি গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার অনুরোধ করা হবে।