রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ি এবং সবুজবাগ থানা এলাকায় সোমবার সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন রিজিয়া বেগম (৩৫) এবং সাইফুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, যাত্রাবাড়ি থানার কুতুবখালীতে ভোর সাড়ে পাঁচটার দিকে রিজিয়া বেগম রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মিনিবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিজিয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত রিজিয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কাহেন্দী গ্রামের নবী হোসেনের স্ত্রী।
অপর ঘটনায় নগরীর সবুজবাগে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আশংকাজনক অবস্থায় বেলা সাড়ে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলামের বাড়ি বগুড়া সদর উপজেলার চুলুপাড়া গ্রামে।
