সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরুর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
২০ বছর আগের পাওনা ১৫ লক্ষাধিক টাকা পরিশোধের দাবিতে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার ভাইয়ের বিরুদ্ধে সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে। যশোর আমলি আদালতে (ক অঞ্চল) দায়ের করা মামলাটির বাদী শহরের বড় বাজারের মাছ ব্যবসায়ী খবির মিয়া।
বাদী খবির মিয়া অভিযোগনামায় বলেন, ১৯৮৭ সালের ১৮ আগস্ট থেকে ওই বছরের ৯ নভেম্বর পর্যন্ত তিনি তাঁর যশোরের আড়ত থেকে চট্টগ্রামের ‘বেঙ্গল ফিস অ্যাণ্ড ফ্রগলেগস এক্সপোর্ট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে চিংড়ি মাছ ও ব্যাঙের পা সরবরাহ করেন। প্রতিষ্ঠানটির মালিক আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার ভাই হুমায়ুন মাহমুদ চৌধুরী।
তিনি দাবি করেছেন, বিদেশে রপ্তানিযোগ্য মাছ ও ব্যাঙের পা সরবরাহ করে সাবেক বাণিজ্যমন্ত্রীর প্রতিষ্ঠানটির কাছে তাঁর ১৫ লাখ ৩১ হাজার ৩১৭ টাকা বকেয়া রয়েছে। তিনি এই টাকা পরিশোধের কথা বললেই আমীর খসরু মাহমুদ চৌধুরী তাকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিতেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমি এ সম্পর্কে কিছুই জানি না। ওই ব্যক্তিকেও চিনি না।”
খবির মিয়ার পক্ষে মামলাটি দায়ের করেন আইনজীবী দেবাশীষ রায় ও শাহেদ আলী। আদালত আগামী ১ জুন মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছে। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত।
