২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হত্যা মামলায় যুবদল সভাপতির যাবজ্জীবন

যশোরের আলোচিত বাংলাদেশ যুবমৈত্রী নেতা আইয়ুব হোসেন হত্যা মামলায় জেলা যুবদল সভাপতি এহসানুল হক মুন্নাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে মামলার বাকি ১৭ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 04:15 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

সোমবার দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর বিচারক আশেকুর রহমান এই রায় দেন। রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ দেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের নামধারী সন্ত্রাসীরা শহরের ভোলা ট্যাংক রোডের নবকিশলয় স্কুলের সামনে আইয়ুব হোসেনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক ইকবাল কবির জাহিদ ছাত্রদল নেতা এহসানুল হক মুন্নাসহ ১৮ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। ২০০২ সালে চূড়ান্ত অভিযোগ গঠনের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের বিচার শুরু হয়।

মামলার রায়ে উল্লেখ করা হয়, আইয়ুব হোসেনের চোখের মধ্যে গুলি ছাড়া অন্য কোন আঘাতের চিহ্ন নেই। আর সাক্ষ্য প্রমাণের এটাই প্রমাণ হয়েছে যে, মুন্নাই তাকে গুলি করেছে।

যুবদল সভাপতি এহসানুল হক মুন্না সম্প্রতি যৌথবাহিনীর হাতে আটক হয়ে বর্তমানে কারাগারে আছেন।