এক জেলা থেকে অন্য জেলায় ডিম-মুরগি পাঠানো নিষিদ্ধ
এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে দেশের এক জেলা থেকে অন্য জেলায় ডিম-মুরগি, একদিনের বাচ্চাসহ সব ধরনের পোল্ট্রিজাত সামগ্রী পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শুক্রবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সোমবার থেকে এই আদেশ কার্যকর হবে।
এরই মধ্যে সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা পশুসম্পদ কর্মকর্তা, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে অন্য অঞ্চল থেকে পোল্ট্রিজাত সামগ্রীর প্রবেশ ঠেকাতে রাজধানীর বিভিন্ন প্রবেশ পথে বসানো হয়েছে কড়া পাহাড়া।
রোববার রাত থেকে ঢাকা জেলার প্রবেশমুখ আব্দুল্লাহপুর, ডেমরা, যাত্রাবাড়ী, সাভারের শহীদ রফিক সেতু, জিরানী বাজার, ধামরাইয়ের বাড়বাড়িয়াসহ বিভিন্ন স্থানে পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যরা বিশেষ তদারকি শুরু করেছেন।
এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে সাভার উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয়ে রোববার বিকেলে এক সভা হয়েছে। ঢাকা জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মুন্সী মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিপুল সংখ্যক খামারি উপস্থিত ছিলেন।
