দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে শিগগিরই চার্জশিট দেবে কমিশন
দুর্নীতির অভিযোগে যাদের নামে মামালা করা হয়েছে শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী রোববার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দুপুরে কমিশনে ফিরে হাসান মশহুদ জানান, দুর্নীতিবিরোধী প্রচারণাসহ কমিশনের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার আলোচনা হয়েছে।
কমিশনের কাজের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, “কমিশনকে আশানুরূপ বেগবান করা যাচ্ছে না। কাজের গতি কীভাবে আরো বাড়ানো যায় তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব।”
জেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী প্রচারাভিযান আপাতত স্থগিত করার কথা জানিয়ে তিনি বলেন, “বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়, আর্থিক ও পদ্ধতিগত কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর প্রচারণার কাজ আবার শুরু করা হবে। এ কাজে হেলিকপ্টার না গাড়ি ব্যাহার করা হবে তা পরে জানানো হবে।”
