ঘুষ নেওয়ার সময় ধরা পড়লেন রাজউকের প্রকৌশলী
ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা পড়েছেন রাজউকের প্রকৌশলী মোজাফফর উদ্দিন। রোববার দুপুরে র্যাবের একটি দল রাজউক কার্যালয় থেকে গ্রেপ্তার করে তাকে।
র্যাব জানায়, বেআইনি প্রস্তাব অনুমোদনের জন্য রাজউক (অঞ্চল-৪) এর অথরাইজড কর্মকর্তা প্রকৌশলী মোজাফফর উদ্দিনকে ঘুষ দেবে টেকনো ভ্যাকেন্ট কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। সে অনুযায়ী আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে র্যাব।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-২ এর সহকারী উপ পরিদর্শক বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ৩টার দিকে টেকনো ভ্যাকেন্ট কোম্পানির সহকারী মহা ব্যবস্থাপক মাহফুজুর রহমান পাঁচ লাখ টাকা নিয়ে যান মোজাফফর উদ্দিনকে দেওয়ার জন্য। টাকা হস্তান্তরের সঙ্গে সঙ্গেই সাদা পোশাকধারী র্যাব সদস্যরা গ্রেপ্তার করে তাকে। ঘুষ লেনদেনে জড়িত থাকার অভিযোগে মাহফুজুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে ।
বাবুল আক্তার আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে রোববার সন্ধ্যার দিকে দুজনকেই মতিঝিল থানায় সোপর্দ করা হবে।
