২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে গোপন একটি ইসলামি জঙ্গি সংগঠনের ৮ সদস্য গ্রেপ্তার

ইসলামি জঙ্গি সংগঠনের আট সদস্যকে টাঙ্গাইলে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুজনের বাড়ি গাইবান্ধা ও রংপুরে এবং বাকিদের টাঙ্গাইলে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 05:56 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

টাঙ্গাইলের পুলিশ সুপার শেখ মুহম্মদ মারুফ হাসান রোববার সকালে সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শহরের পূর্ব আদালত পাড়ায় সাইদ চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে শাহ মো. ফেরদৌস তাজিম (২৪) ও মো. রিজমুল আলম (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই, তার, বাল্ব ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত তাজিমের বাবার নাম ওবায়দুল হক, তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার গাড়ানটা এবং রিজমুলের বাবার নাম মো. মোবারক হোসেন। তার বাড়ি রংপুর জেলার কোতোয়ালী থানার বাবু খাঁ গ্রামে।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত দুজনের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার দিনভর পুলিশ তাদের নিয়ে অভিযান চালিয়ে শহরের অলোয়া রায়পাড়ার আশরাফ আলী খানের ছেলে লিটন (২৫), সন্তোষ বালুচড়ার ওয়াজেদ আলীর ছেলে বুলবুল (২৬), মৃত পরশ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫), ভবানীপুর পাতুলী পাড়ার জামাল উদ্দিনের ছেলে আলাল উদ্দিন (২৪) এবং নগরজালফৈ গ্রামের আবদুল হামিদ মিয়ার ছেলে মো. রফিকুল ইসলামকে (৩৬) তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে তাজিম সংগঠনের প্রধান নির্বাহী এবং তিনি তৃতীয় সারির আঞ্চলিক নেতা হিসেবে পরিচিত। তার দায়িত্বে রয়েছে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা। অন্যদিকে রফিকুল ইসলাম টাঙ্গাইল জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা।

পুলিশ সুপার আরও জানান, উদ্ধার করা বই ঘেঁটে দেখা গেছে, গঠনতন্ত্রে সংগঠনটির কোনও নাম পাওয়া যায়নি। এর প্রধান মাসুদ মেহেদীর বাড়ি গাইবান্ধা জেলায়। ‘তারকা’ নামে সংগঠনে তিনি পরিচিত। ১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলা মামলায় তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

পুলিশ সুপার জানান, সংগঠনটির কেন্দ্র গাজীপুর হলেও অধিকাংশ ঊর্ধ্বতন নেতাই গাইবান্ধা জেলার। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের নেটওয়ার্ক সারাদেশে বিস্তৃত। সারাদেশকে ৪০টি অঞ্চলে ভাগ করেছে তারা।

জিজ্ঞাসাবাদে জঙ্গিরা তাদের চারটি অঙ্গীকারনামার কথা জানিয়েছে। রাজনৈতিক অঙ্গীকারনামায় বলা হয়েছে-সকল সার্বভৌমত্বের ওপর আঘাত হেনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে। অর্থনৈতিক অঙ্গীকারনামায় আল্লাহর মালিকানার ভিত্তিতে সমবণ্টনের কথা বলা হয়েছে। এ ছাড়া সামরিক অঙ্গীকারনামায় আল্লাহর ক্ষমতা প্রদর্শন এবং সাংস্কৃতিক অঙ্গীকার নামায় নারী-পুরুষের নিয়ন্ত্রিত বিচরণের কথা বলা হয়েছে।

সংগঠনের সদস্যদের কেউ দাড়ি রাখে না, নবীর সুন্নত পালন করে না, পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিবার শুধু ২ রাকাত ফরজ নামাজ পড়ে। তবে কেউ জামাতে নামাজ পড়ে না। তারা আরবি পড়তে জানে না, তবে কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়ে। এদের কাছ থেকে ইসলামিক ফাউন্ডেশনের ঈমান তত্ত্ব ও দর্শন এবং আসাদ-বিন-হাফিজের আল কোরআনের অভিধান পাওয়া গেছে।

তা ছাড়া নিয়মিত প্রশিক্ষণের বিভিন্ন নোট খাতাও উদ্ধার করা হয়। নেটওয়ার্কের সব সদস্যকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলবে বলে পুলিশ সুপার জানান।

আটক জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। অদালতে হাজির করে তাদের সাত দিনের রিমান্ড আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।