দুর্নীতি মামলায় আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন
একটি দুর্নীতি মামলায় আওয়ামী লীগ নেতা এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়।
বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন আগামী ২৬ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
অভিযুক্ত অন্যরা হলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব জগন্নাথ দে, সাবেক যুগ্ম সচিব এয়াকুব আলী, সাবেক উপ সচিব খন্দকার আবুল কালাম, সহকারি সচিব চিত্তরঞ্জন দাস ও প্রশাসনিক কর্মকর্তা ওয়ারেস আলী।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হতে এবং অন্যদের লাভবান করার জন্য পুরনো ঢাকার বিবিসি রোডের পরিত্যক্ত একটি সরকারি সম্পত্তিকে নিয়ম বহির্ভূতভাবে অবমুক্ত করেন। ওই সম্পত্তি পরে নীষা রানী নামে এক ব্যক্তিকে দেওয়ার মাধ্যমে তারা রাষ্ট্রের পাঁচ কোটি টাকার বেশি ক্ষতি করেছেন।
অবশ্য আদালতে উপস্থিত অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার প্রার্থনা করেন।
এ ঘটনায় দুর্নীতি দমন ব্যুরোর টাস্কফোর্স-২ এর কর্মকর্তা সৈয়দ তাহাসিরুল হক ২০০১ সালের ১১ ডিসেম্বর মোট আট জনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেন।
পরে এদের ছয় জনকে আসামি করে গত বছরের ১৫ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলায় অভিযুক্ত সবাই জামিনে থাকলেও সম্প্রতি জরুরি ক্ষমতা বিধিমালায় যৌথবাহিনী গ্রেপ্তার করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। কারাগার থেকেই রোববার তাকে আদালতে হাজির করা হয়।
