বিচার বিভাগ আলাদা করতে দুই মাস সময় চায় সরকার, শুনানি সোমবার পর্যন্ত মুলতুবি
বিচার বিভাগ আলাদা করার জন্য আরও আট সপ্তাহ সময় চেয়েছে সরকার। সিদ্ধান্ত দেওয়ার আগে এর শুনানি সোমবার পর্যন্ত মুলতুবি করেছে আপিল বিভাগ।
বিচার বিভাগ আলাদা করার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ১৮ মার্চ সরকারকে চার সপ্তাহ সময় দিয়েছিল আদালত।
রোববার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে সাত বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ শুনানি মুলতুবির আদেশ দেয়। দেশের নিু আদালতে বিচারক, মামলার সংখ্যা ও অবকাঠামোগত তথ্য সরকার ৫শ ৯৮ পৃষ্ঠার একটি হলফনামার মাধ্যমে আদালতে জমা দিয়েছে। এছাড়া জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত তিনটি বিধিমালার ও ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের ত্রুটিগুলো সংশোধন করে আদালতে জমা দেয় সরকার। (আরও তথ্যসহ এবং সমন্বিত)
সকাল পৌনে দশটায় শুনানির শুরুতে এটর্নি জেনারেল ফিদা এম কামাল সময়ের আবেদন জানিয়ে বলেন, জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালার দুইটি বিধির সংশোধনী প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য তার দপ্তরে রয়েছে। তাঁর অনুমোদনের পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। এ জন্য সময় প্রয়োজন।
আদালত বলে, এই সরকার বিচার বিভাগ আলাদা করতে সব কিছু দ্রুত নিষ্পন্ন করেছে। হঠাৎ করে এখন গতি মন্থর কেন? আইন কমিশন বিধিমালার কোন বিধির সংশোধনী করবে সরকার?
এটর্নি জেনারেল জবাবে বলেন, “বিধি ৪ এর উপবিধি ৬ এ সচিবালয় শব্দের পর ‘সদস্য’ শব্দ যোগ হবে এবং উপবিধি ৭ এ এই বিধির অধীনে প্রদত্ত সুপারিশ সরকার যথা সম্ভব অনুসরণ করে প্রয়োজনীয় আদেশ জারি করবে” শব্দগুলো যোগ হবে।
আদালত বলে, এসব তো নগন্য সংশোধনী। এতে সম্ভবত কোন পরিবর্তন আনা হয়নি। এই সংশোধনীর সঙ্গে সরকারের আর্থিক বা নীতিগত সিদ্ধান্ত জড়িত নয়। আট সপ্তাহ সময় চেয়ে অর্থ মন্ত্রণালয়ের এটর্নি জেনারেল অফিসকে দেওয়া চিঠির দিকে দৃষ্টি আকর্ষণ করে আদালত জানতে চান, এই ছোট সংশোধনীর জন্য আট সপ্তাহ সময় চাওয়ার ব্যাখ্যা কি ?
এটর্নি জেনারেল জবাবে বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এ চিঠিতে সময়ের কোন ব্যাখ্যা দেওয়া হয়নি। এই ব্যাখ্যা সরকারের কাছ থেকে জেনে আদালতকে অবহিত করার জন্য তিনি শুনানি মূলতুবির আবেদন জানালে আদালত সে আবেদন মঞ্জুর করে সোমবার শুনানির দিন ধার্য করে।
এর আগে দেশের নিু আদালত, বিচারক, মামলার সংখ্যা এবং অবকাঠামোগত তথ্য জানাতে সরকারকে ১৫ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল আপিল বিভাগ। এই সময়ের মধ্যে জারি করা ফৌজদারী কার্যবিধি সংশোধনীর ত্রুটিগুলো দূর করে বিচার বিভাগ আলাদা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে সরকারকে।
রোববার প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগর এই আদেশ দেন।
গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ সরকারকে ফৌজদারী কার্যবিধি সংশোধনীসহ নিু আদালতের অবকাঠামোগত তথ্য ১৮ মার্চ আদালতে পেশ করতে সরকারকে নির্দেশ দিয়েছিল। কিন্তু সরকার এই সময়ের মধ্যে তা করতে না পারায় সময়ের আবেদন করে।
এটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল ১৫ মার্চ আদালতকে বলেছিলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে চার সপ্তাহ দরকার। আদালত এই সময় দিলে এসব নির্দেশ যথাযথভাবে পালন করা সম্ভব।
সেসময় আদালত বলেন ১৫ এপ্রিল এর মধ্যেই আদালতের নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।
গত ১৬ জানুয়ারি সরকার বিচার বিভাগ পৃথককরনের জন্য জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত চারটি বিধিমালা প্রজ্ঞাপন আকারে জারি করে। গত ২২ জানুয়ারি ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ জারি করা হয়।
