সারাদেশে বছর শুরুর উৎসব
সারাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর প্রাণের আনন্দে বরণ করে নেওয়া হলো বাংলা নববর্ষ ১৪১৪ কে। বিভিন্ন ধর্ম, বর্ণ আর জাতি গোষ্ঠীর মানুষ শনিবার ঢাক ঢোল, বাঁশি, তবলা, একতারা বাজিয়ে আনন্দ উল্লাসে পালন করেছে বাংলা নববর্ষ।
খুলনা প্রতিনিধি জানান, বর্ণাঢ্য র্যালি, দেশাত্মবোধক ও লোকসঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে শনিবার খুলনায় বাংলা নববর্ষ বরণ করে বিভিন্ন সংগঠন।
খুলনা সিটি করপোরেশন বর্ষবরণ উপলক্ষ্যে বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। খুলনা বিশ্ববিদ্যালয় সকালে পান্তাভোজ, পিঠা উৎসব, লোক সঙ্গীত ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। বিকালে ঘুড়ি উৎসব, লাঠি খেলা, সাপখেলা ও পুতুল নাচের আয়োজন করা হয়। সকাল আটটায় খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান এসো হে বৈশাখ, অডিটোরিয়াম প্রাঙ্গনে বৈশাখি মেলা এবং বিকালে চলচ্চিত্র প্রদশনী, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সৃজনশীল বাংলা গান, লোক সঙ্গীত, নৃত্যানুষ্ঠান, আবৃত্তির আয়োজন করে। অনুষ্ঠান শেষে পান্তাভোজ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
এছাড়া খুলনা প্রেস ক্লাব, অপরাজেয় বাংলাদেশ সিপি এসপি, ঝংকারসহ বিভিন্ন সংগঠন নিজ নিজ উদ্যোগে পান্তাইলিশ ভোজ ও সাস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ১৪১৪ সালকে বরণ করে নেয়।
রাজশাহী প্রতিনিধি জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সকাল সাড়ে ছয়টায় আলুপট্টি পদ্মা জাহাজঘাটে বর্ষবরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করে। সকাল আটটায় শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী এ্যাসোসিয়েশন, রাজশাহী সাংস্কৃতিক সংগঠন, শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জয়বাংলা সাংস্কৃতিক জোট, নিক্কন নৃত্য গোষ্ঠী, রাজশাহী প্রেসক্লাব, মেট্রোপলিটন প্রেসক্লাব, জেলা ক্রীড়া সংস্থা, এশিয়ান ইউনিভাসিটি, মহিলা পরিষদ রাজশাহী জেলা, কচিপাতা থিয়েটার, সান্ধ্য প্রদীপ, সকালে বর্ষবরণ ও বর্ণাঢ্য র্যালী বের করে এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। এছাড়া রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকালে বর্ষবরণ শেষে পান্তা ও তরমুজসহ নানান বাঙালী খাবারের আয়োজন চলে সারাদিন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, নববর্ষ ঘিরে নতুনভাবে সাজানো হয় পুরো ক্যাম্পাস। সকাল আটটায় গান ও কবিতায় চারুকলা বিভাগে শুরু হয় উৎসব। সকাল সাড়ে দশটায় বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নববর্ষ উপলক্ষ্যে চারুকলা বিভাগ আয়োজন করে চারদিনব্যাপী বৈশাখী মেলা।
বর্ষবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগসহ বিভিন্ন বিভাগ, সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসের প্রতিটি সড়ক, বৃক্ষরাজিসহ অ্যাকাডেমিক ভবনের বারান্দা ও করিডোর সাজানো হয় আল্পনা, ফেস্টুন, পোস্টার, ব্যানার ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি দিয়ে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে বনসাই প্রর্দশনীর আয়োজন করে। চারুকলা বিভাগের শেষ বর্ষের ছাত্রীরা মাটির গহনা প্রর্দশণীর আয়োজন করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাব, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, গ্রুপ অব লিবারেল ডিবেটস ক্যাম্পাসের শহীদ মিনার চত্ত্বর, ফোকলোর চত্ত্বর ও কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ব সাহিত্য কেন্দ্র ফোকলোর চত্ত্বরে বিভিন্ন প্রকার বই বিক্রয় করে ।
এছাড়া বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে দেশীয় কারু পণ্য বিক্রিসহ সাপ খেলা, লাঠি খেলার চিত্রও চোখে পড়ে। এর আগে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সকল প্রকার যানবাহন নিষিদ্ধ করে।
বরিশাল প্রতিনিধি জানান, মেলা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে বরিশাল শহবে বর্ষবরণ হয়। চারুকলা বিদ্যালয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় বিশালাকৃতির টিয়া পাখি, ঘোড়া, রাজা, লক্ষীর সরা, হাত পাখা, মুকুট সহ প্রায় অর্ধশত দর্শনীয় লোকজ ও ঐতিহ্যবাহী বাঙালি জীবনের প্রতিকৃতি তুলে ধরা হয়। উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ব্রজমোহন স্কুলের তমাল তলায় প্রভাত অনুষ্ঠানে আবৃত্তি, দেশগান, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশন করা হয়। অশ্বিনী কুমার হল চত্বরে প্রভাতী অনুষ্ঠান আয়োজন করে খেলাঘর । ব্রজমোহন স্কুল মাঠে বসেছে বৈশাখী মেলা। এছাড়া শব্দাবলী গ্রুপ থিয়েটার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। চাঁদের হাট নগরীর আমানতগঞ্জ টিবি ক্লিনিক মাঠে তিনদিন ব্যাপী বৈশাখী উৎসব ও মেলার আয়োজন করেছে।
যশোর প্রতিনিধি জানান, যশোর জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোভা যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ইলিশ ভোজের মাধ্যমে বর্ষ বরণ করে নেয়। ঐতিহ্যবাহি পৌরপার্কে সকালে উদীচি শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ কবিতা গান ও নৃত্যের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। একইসাথে সকাল থেকেই সুরবিতান, সুরধুনি, বিবর্তন যশোর, তির্যক যশোর, বেলাশেষে ,শেকড় সাংস্কৃতিক সংগঠন, চারুপীঠ, মাইকেল সঙ্গীত একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের স্ব স্ব কার্যালয় সম্মুখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এদিকে বর্ষবরণ উপলক্ষ্যে যশোর শহরের বিভিন্ন সড়ক দ্বীপ ও মোড়ে আলোকসজ্জা ও বিভিন্ন রঙের ফেস্টুন দিয়ে সাজানো হয়। বিকালেও পৌরপার্ক, চিত্রামোড়, নবকিশলয় স্কুল মাঠে বিভিন্ন সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভোলা প্রতিনিধি জানান, সকালে ভোলা জেলা প্রশাসন ভোলা অফিসার্স ক্লাব বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ইলিশেন আয়োজন করে। এছাড়া ভোলা জেলা শহরের বিভিন্ন স্থানে ভোলা থিয়েটার, বিহঙ্গ আবৃত্তি সংসদসহ কয়েকটি সংগঠন বৈশাখী আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটের পাঁচবিবি স্টেডিয়ামে সকাল থেকে সাংস্কুতিক অনুষ্ঠান, নাটিকা এবং বিকেলে লাঠি ও পাতা খেলা অনুষ্ঠিত হয়। এ সময় মাঠে আগত দর্শকদের মাঝে মুড়র মোয়া বিতরণ করা হয়। কিশোর তরুনেরা নিজেদের মধ্যে রং ছিটিয়ে আনন্দ করে। এছাড়া পাঁচবিবি উপজেলা অফিসার্স ক্লাবে পান্তাভাতের আয়োজন করা হয়।
নড়াইল প্রতিনিধি জানান, সকালে সুলতান মঞ্চে বর্ষবরণ উদ্যাপন পর্ষদ প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ করে। এরপর বের হয় শোভাযাত্রা। এছাড়া শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা, আলোচনাসভা, পিঠা উৎসবসহ নানা অনুষ্ঠান আয়োজন করে।
নোয়াখালী প্রতিনিধি জানান, জেলা শহর মাইজদীর শিল্পকলা একাডেমী দুই দিনব্যাপী দেশীয় খাবার পরিবেশন, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া বেগমগঞ্জ সাংস্কুতিক কেন্দ্র, কোম্পানীগঞ্জ, চাটখিল, সেনবাগ, সোনাইমুড়ি ও হাতিয়া শিল্পকলা একাডেমী বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪১৪ কে বরণ করে নেয়।
