২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবর্জনার স্তুপে ভরা স্মৃতির মিনারেই চলে থানাপাড়া-বিড়ালদহের শহীদদের স্মরণ

১৩ এপ্রিল, থানাপাড়া-বিড়ালদহ গণহত্যা ও প্রতিরোধ দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর হাতে শহীদ হয়েছিলেন রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়ার প্রায় ৪০০ পুরুষ। নির্মম সেই ঘটনার স্মরণে ১৯৭৮ সালে ওই এলাকায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও অযত্ন আর অবহেলায় সেখানে এখন আবর্জনার স্তুপ। এ নিয়ে ক্ষোভ থাকলেও স্থানীয়রা অবহেলিত স্মৃতির মিনারেই হৃদয়ের অর্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান শহীদদের।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

১৯৭১ সালের ১৩ এপ্রিল পকিস্তান বাহিনীর একটি সাঁজোয়া বহর রাজশাহী যাওয়ার পথে পুঠিয়ার ঝলমলিয়ায় রাস্তায় ফেলে রাখা গাছের বাধার সম্মুখীন হয়। বাধা অপসারণের কাজ শুরু করার সময় তৈমুর আলী মুন্সির নেতৃত্বে মুক্তিসেনাদের ১৫ সদস্যের একটি দল আকস্মিক পাক সেনাদের ওপর হামলা চালায়। এই যুদ্ধে মারা যায় ১০ থেকে ১২ জন পাক সেনা। অন্যদিকে শহীদ হন তৈমুর মুন্সি ও আবুল হোসেন। গুরুতর আহত হন আমির আলী। একপর্যায়ে গুলি ফুরিয়ে যাওয়ার কারণে পিছু হটেন মুক্তিসেনারা।

এর পর পাক হানাদাররা ঝলমলিয়া হাট এলাকা ও কাঁঠালবাড়িয়া গ্রামের প্রায় শত শত দোকান ও ঘর-বাড়ি আগুনে জ্বালিয়ে দেয়, চলতে থাকে নির্বিচারে মানুষ খুন।

দুপুরের দিকে পাকবাহিনী পাশের চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে গিয়ে নির্বিচারে সাধারণ মানুষের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায়। এরপর বানেশ্বর ট্রাফিক মোড়ে এসে পাক সেনাদের একাংশ চলে যায় রাজশাহী সদরের দিকে। আর একটি অংশ চারঘাট অভিমুখে রওনা হয়।

পথে সারদা পুলিশ একাডেমিতে ক্যাম্প স্থাপন করে তারা। এ সময় প্রাণভয়ে পালাচ্ছিলেন সাধারণ মানুষ। বেলা ২টার দিকে থানাপাড়ার মানুষ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী তাদের পদ্মার চরে আটক করে। নারী ও শিশুদের নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার কথা বলে সব পুরুষদের লাইন করে দাঁড় করিয়ে গুলি চালায় তারা।

এর পর মৃত্যু নিশ্চিত করতে হানাদার বাহিনী লাশের ¯ত’পে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় প্রাণ হারান থানাপাড়া গ্রামের ৪০০ পুরুষ।

তবে এই হত্যাযজ্ঞের মাঝেও দৈবক্রমে বেঁচে যান বেলাল, আবদুর রহমান মাস্টার, আলাউদ্দিন খলিফা, সফেরউদ্দিনসহ আরও কয়েকজন।

নৃশংস এই ঘটনার পর চারঘাটের থানাপাড়া গ্রাম ‘বিধবাদের গ্রাম’ নামে পরিচিতি পায়। এখনও একাত্তরের সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন স্থানীয়রা।

৭১ এর ১৩ এপ্রিলের শহীদদের স্মরণে ১৯৭৮ সালে স্থানীয় মুক্তিযোদ্ধারা বেলপুকুর রেলগেটের কাছে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। কিন্তু এরপর স্মৃতিস্তম্ভটির কোনো সংস্কার কখনই করা হয়নি।

ময়লার ¯ত’পে ভরা অবহেলিত এই স্মৃতির মিনারেই প্রতিবছর শ্রদ্ধা জানাতে হাজির হন মুক্তিযোদ্ধাসহ স্থানীয় লোকজন।

সাবেক রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম জাহাঙ্গীর হোসেন বলেন, বিড়ালদহের মতো প্রতিরোধ যুদ্ধ আর কোথাও হয়নি। কিন্তু যারা এখানে প্রাণ দিলেন তাদের জন্য নির্মিত স্মৃতির মিনারটির এখনো সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়নি।

মুক্তিযোদ্ধা ও বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান সুলতান আলী জানান, বেলপুকুর রেলগেটের কাছে নির্মিত স্মৃতিস্তম্ভটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনকে বেশ কয়েকবার বলা হয়েছে। কিন্তু ২৯ বছরে এ ব্যাপারে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তাই এবারও এই দিনটিতে অযত্নে আর অবহেলায় থাকা স্মৃতির মিনারেই শ্রদ্ধার্ঘ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন স্থানীয়রা।