নূতনের কেতন উড়িয়ে আবার এলো বৈশাখ
ঝাঁ ঝাঁ রোদ্দুরে নীলাকাশকে পটভূমিকায় রেখে উড়ে বেড়ায় চিল। উড়ে উড়ে কী জানি খুঁজে বেড়ায়। সেই নীলের পটভূমিতে হঠাৎ এক টুকরো কালো মেঘের ছায়া। দেখতে দেখতে অন্ধকার চারপাশ, শোঁ শোঁ শব্দে ধেয়ে আসে ঝড়। যতটা আকস্মিক তার আগমন ততটা দ্রুততায় প্রস্থান। আবার সবার মনকে রাঙিয়ে ওঠে ঝলমলে সূর্য, ঝকমকে হয় চারদিক, বাতাসে বাতাসে ভেসে বেড়ায় নতুন প্রাণের গন্ধ। এটিই বাঙালির চিরচেনা কালবৈশাখী। বিস্তারিত জানাচ্ছেন সিমু নাসের...
জীর্ণ, পুরাতন সবকিছু কালবোশেখীর তাণ্ডবে মুছে দিয়ে আবার নতুন প্রাণে সম্ভাবনার আলো জ্বালাতে আসছে বৈশাখ, একটি নতুন মাস, একটি নতুন বছরের শুভ সূচনা। রবীন্দ্রনাথ ঠাকুর আবাহন জানিয়েছেন এভাবে-
“এসো হে, বৈশাখ এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে,
মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা
দূর হয়ে যাক যাক যাক ॥”
বৈশাখের আগমনে ঘুঁচে যায় অতীতের গতিহীন জীবনের দীনতা, জড়তা, মূঢ়তা, ক্লেদ, গ্লানি ও পাপ ‘দূরান্তের পলাতক বলাকার ঝাঁকে’। নতুন বছরের আগমনে বাঙালির প্রত্যাশা-উড়ে যাক সব জঞ্জাল আর আবর্জনা, নিশ্চিহ্ন হোক অন্ধকার।
“তোরা সব জয়ধ্বনি কর/তোরা সব জয়ধ্বনি কর/ঐ নূতনের কেতন ওড়ে কাল বোশেখীর ঝড়।’ কাজী নজরুলের এই সঙ্গীতের ভেতর দিয়েই বাঙালির বর্ষবরণ উৎসব পালনের ক্ষণ শুরু হবে রাত পোহালেই।
রাজস্ব আদায়ের সুবিধার জন্য সম্রাট আকবরের যুগে বৈশাখ থেকে প্রবর্তন হয়েছিল বাংলা সালের। বর্ষ শুরুর সেই দিনটিই এখন বাঙালির প্রাণের উৎসব। বাদশাহ আকবরের নবরত্ন সভার আমির ফতেহ উল্লাহ সিরাজি বাদশাহি খাজনা আদায়ের সুবিধার জন্য ফসলী সালের শুরু করেছিলেন হিজরি চান্দ্রবর্ষকে সৌরবর্ষের মতো মিলিয়ে নিয়ে। তিনিই হিজরিকে বাংলা সালের সঙ্গে সমন্বয় সাধন করেছিলেন ও পয়লা বৈশাখ থেকে বাংলা নববর্ষ গণনা শুরু করেছিলেন। আর বৈশাখ নামটি নেয়া হয়েছিলো নক্ষত্র ‘বিশাখা’র নাম থেকে। ‘বিশাখা হইতে নাম হইল বৈশাখ।/ আরম্ভিলা গ্রীষ্মকাল, প্রখর নিঘাদ ॥/ এই মাস হতে বঙ্গে বর্ষ শুরু হয়।/ সিদ্ধিদাতা জগানন গণেশ কৃপায় ॥’
ইতিহাসের পাতা উল্টে আরো জানা যাবে-পয়লা বৈশাখের দিনে উৎসবের শুরুটা সেই আকবর আমলেই। এ দিনে তিনি মিলিত হতেন প্রজাদের সঙ্গে। সবার শুভ কামনা করে চারদিকে বিতরণ হতো মিষ্টি। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে বর্ষবরণ উৎসব চলে আসে জমিদার বাড়ির আঙিনায়। খাজনা আদায়ের মতো একটি রসহীন বিষয়ের সঙ্গে যুক্ত হয় গান বাজনা, মেলা আর হালখাতার অনুষ্ঠান।
আজ আর খাজনা আদায় নেই। কিন্তু রয়ে গেছে উৎসবের সেই আমেজ। সেটা এখন ছড়িয়ে পড়েছে শহর বন্দর আর গ্রামে, জাতি বর্ণ নির্বিশেষে সব বাঙালির মাঝে।
রাজধানীসহ সারা দেশের মানুষ বাংলা গান, কবিতা, শোভাযাত্রা, নাচসহ নানান আয়োজনে দিনটিকে উদযাপন করবেন। তবে ছায়ানট আয়োজিত বর্ষ আবাহনের অনুষ্ঠান ঢাকাবাসীর বৈশাখ উদযাপনে নিয়ে এসেছে নতুন মাত্রা। ৪০ বছরেরও বেশি সময় ধরে আয়োজিত তাদের এ অনুষ্ঠানের আবেদন এখনো পুরো দেশেবাসীর কাছে সমানভাবেই বর্তমান। ভোর থেকেই রমনার বটমূলে শুরু হবে এ অনুষ্ঠান।
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে সকাল ১০টায় বের হবে মঙ্গল শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় আকর্ষণ হিসাবে থাকছে একটি হাতি ও দুটি বাঘ। এছাড়া বিভিন্ন ধরনের মুখোশ রঙিন করে তুলবে এই শোভাযাত্রা। এখানে যোগ দিতে পারেন যে কেউ।
মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের উন্মুক্ত মঞ্চে সকাল ১০টা থেকে আয়োজন করেছে বাউল গানের আসর ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে বিকেল ৫টা থেকে শুরু হবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান। সংগীত পরিবেশন করবেন সুরতীর্থ, খেলাঘর, ধ্রুবতান, বহ্নিশিখাসহ আরো নানান সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করবেন স্বরকল্পনের শিল্পীরা। নৃত্য পরিবেশন করবেন বুলবুল ললিতকলা একাডেমি ও নৃত্যমের শিল্পীরা। এছাড়া দেশের স্বনামধন্য শিল্পীরা সেখানে রবীন্দ্র, নজরুল ও লোকসংগীত পরিবেশন করবেন।
বুলবুল ললিতকলা একাডেমির অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে ছয়টায়। তাদের অনুষ্ঠানমালায় থাকছে নাচ, গান ও আবৃত্তি। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে চারটায়। সেখানে থাকবে একক ও দলীয় সংগীত, পথনাটক এবং আবৃত্তি। অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দিনব্যাপী থাকবে বিভিন্ন সংগঠনের নানান অনুষ্ঠান।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর চারুকলা অনুষদ বরাবরের মতো এবারও তাদের ধানমণ্ডি ক্যাম্পাস থেকে পয়লা বৈশাখের শোভাযাত্রা বের করবে। এ জন্য কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছেন ছাত্র-শিক্ষকরা। শোভাযাত্রার জন্য তারা তৈরি করেছেন বিশাল আকৃতির একটি পিপড়া, একটি হাতি ও একটি ব্যাঙ। এছাড়া রঙ বেরঙের মুখোশতো থাকছেই। তাদের এই শোভাযাত্রাটি সকাল ১০টায় ধানমণ্ডি ১২/এ ক্যাম্পাস থেকে বের হয়ে ৮ নম্বর ব্রিজ হয়ে কলাবাগান দিয়ে ৩২ নম্বর সড়ক হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসবে। কিছুক্ষণ বিরতি দিয়ে ক্যাম্পাস প্রাঙ্গনে শুরু হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বাউল গান থেকে শুরু করে যাত্রাপালা সবই থাকবে। অনুষ্ঠান চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
পয়লা বৈশাখ উদযাপন পরিষদ কাফরুল অঞ্চলে আয়োজন করছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা। উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হবে সকাল ৭টায়। এরপর দুপুর পর্যন্ত চলবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি ও বনানী ক্লাবের যৌথ উদ্যোগে বনানী ক্লাব মাঠে আয়োজন করা হয়েছে বৈশাখী উল্লাস। তাদের অনুষ্ঠান চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
বেঙ্গল ফাউন্ডেশন পয়লা বৈশাখের একদিন আগ থেকেই শুরু করেছে বৈশাখ উদযাপনের উৎসব। তিনদিনব্যাপী তাদের অনুষ্ঠানমালা শুরু হয়েছে ধানমণ্ডি ২৭ নম্বরের বেঙ্গল শিল্পালয়ে। অনুষ্ঠানের প্রথম দিন সন্ধ্যা সোয়া ৬টায় বসবে গানের আসর। পয়লা বৈশাখের দিন সকাল ১১টায় শুরু হবে অনুষ্ঠান। সেখানে থাকবে ছোটদের জন্য নানা আয়োজন। সন্ধ্যায় থাকবে প্রখ্যাত শিল্পীদের গান ও আবৃত্তি।
অন্যদিকে, বর্ষবরণ উৎসব উপলক্ষে রাজধানীকে ঢেকে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে। র্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এরই মধ্যে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করছেন ।
স্বরাষ্ট্র মন্ত্রাণালয় সূত্র জানায়, বাংলা নববর্ষের প্রথম দিনে রাজধানীতে প্রায় সাত হাজার নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশের পাঁচ হাজার নয়শ’ ৯৪ জন, এপিবিএনের ৪৬০ জন, বিডিআর ১৪০ জন এবং র্যাবের প্রায় এক হাজার সদস্য থাকবেন।
র্যাব সূত্র জানায়, রমনা পার্কের ভেতরে ও বাইরে এবং ছায়ানটের অনুষ্ঠানস্থলের আশেপাশের এলাকায় র্যাবের ২২টি ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানো হবে। র্যাবের বোমা বিশেষজ্ঞ দল এবং ডগ স্কোয়াডের সদস্যরা মূল অনুষ্ঠানস্থল এবং আশপাশে টহল দেবেন। রমনা পার্কের লেকেও বোট নিয়ে টহল দেবেন র্যাব সদস্যরা।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩০ মার্চ জেএমবির শীর্ষ ছয় জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পর থেকেই সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপরও যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সারাদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
