২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় চার চরমপন্থী ও এক জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলায় শুক্রবার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) চার এবং জেএমবি-র এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 03:33 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

গ্রেপ্তার হওয়া চরমপন্থীরা হল উপজেলার দুলালীপাড়া গ্রামের রহিদুল ইসলাম(৩০) এবং কনোপাড়ার রমজান আলী(২৫), আনিসুর রহমান(৪০) ও মো. শাহিন(৩০)। ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

একই সময় ভবানীগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় রইদুল নামে জেএমবি সদস্যকে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তার হওয়া চার চরমপন্থীই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জেএমবি সদস্যের বিরুদ্ধেও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

পাঁচ জনকেই থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মির্জা সারোয়ার। শুক্রবার বিকাল নাগাদ তাদের আদালতে হাজির করানো হবে।