২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাক উল্টে নয় শ্রমিক নিহত

টাঙ্গাইলে একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে চারজন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2007, 03:20 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

শুক্রবার ভোর ছয়টায় যমুনা সেতুর সংযোগ সড়কে, কালিহাতি উপজেলার পৌলি নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে পড়ে যায়। পুলিশ জানায় এ সময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ট্রাকে থাকা নয়জন নিহত হয়।

কালিহাতি থানার উপ-পরিদর্শক সুনীত কুমার গায়েন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল আটটার দিকে গ্রামবাসীর সহায়তায় বস্তার নিচ থেকে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ট্রাকটি (বগুড়া-ট ০২-০০২৪) রাত ১২ দিকে ঢাকা ছেড়ে আসে। মালঝোাই ট্রাকটির ওপর ১৩ জন শ্রমিক তোলা হয়। উল্টে যাওয়ার পর বস্তার নিচে চাপা পড়ে তারা মারা যায়। নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত ছয়জনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। এরা হলেন জয়পুরহাটের নিজাম (৪৮), মিল্টন মণ্ডল (৩৫), সুলতান (২৯) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় খলিল (৩৮), জাহিদুল (৩০) ও এনামুল (৩৮)।

ট্রাকে থাকা শ্রমিক নজরুল জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকার মতিঝিল থেকে তারা একই এলাকার ছয়জন ট্রাকে ওঠেন। বগুড়ায় যাওয়ার জন্য জনপ্রতি ৩০ টাকা করে ভাড়া দেন। এদের মধ্যে তিনজন মারা গেছেন।

নজরুলের বাড়ী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চকমাগড়া গ্রামে।

টাঙ্গাইল জেলা প্রশাসক আখতার আলী সরকার, সহকারী পুলিশ সুপার রাকিব হাসান এবং কালিহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল্লাহিল আযম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।