রাজধানীর সূত্রাপুরে গুলিতে যুবক নিহত
রাজধানীর সূত্রাপুরে বৃহস্পতিবার রাতে গুলিতে সাজ্জাত হোসেন এমি (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত এমি ৩২ দয়াগঞ্জের বাসিন্দা মুক্তা মিয়ার ছেলে। এ ব্যাপারে পুলিশ নিহতের বন্ধু পাপ্পুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ জানায়, নিহত এমি তার বন্ধু পাপ্পুসহ কয়েকজনকে নিয়ে রাত পৌনে ১০ টার দিকে ধুপখোলা মাঠের পাশে সাধনা গলিতে আড্ডা দিচ্ছিল। এ সময় ৪/৫ জন সন্ত্রাসী এমিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে তার বুকের বাম পাশে দুটি গুলি বিদ্ধ হয়। পরে এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত এমি দুই ভাইয়ের মধ্যে বড়। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
সূত্রাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক আনোয়ার হোসেন রাত সাড়ে ১১ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানার ভারপপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে রয়েছেন। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
