২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিন্ন নদী বিষয়ে বিডিআর বিএসএফ সমঝোতা

যৌথ নদী কমিশন (জেআরসি) প্রতিবেদন না দেওয়া পর্যন্ত ভারত ও বাংলাদেশের অভিন্ন নদীগুলোতে বাধ নির্মাণ সংক্রান্ত বিষয়ে বিডিআর বা বিএসএফ কোনো তৎপরতা চালাবে না। দু’পক্ষের কেউ কোনো অবস্থাতেই সীমান্ত পার হবে না।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 11:05 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বুধবার ভারতের মালদহ জেলার মোহাদিপুর বিএসএফ ক্যাম্পে বিডিআর ও বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিডিআরের সেক্টর কমান্ডার এবং বিএসএফের নেতৃত্ব দেন মালদহ বিএসএফের ডিআইজি।

বৈঠকে অভিন্ন নদীগুলোতে ভারতের বাধ নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিরসনে আলোচনা করা হয়। আলোচনার পর যৌথ নদী কমিশনের প্রতিবেদন না আসা পর্যন্ত বিডিআর এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ার আশ্বাস দেয়।

বিএসএফের পক্ষ থেকেও তাদের সদর দফতরের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া উভয় দেশের দখল করা জমি পুনরুদ্ধারের জন্য যৌথ জরিপের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সীমান্তের দুই পাড়ের চোরাচালানীদের দু’টি তালিকা বিনিময় করা হয়। চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা এবং এ সংক্রান্ত তথ্য বিনিময়ের বিষয়েও একমত হন বিডিআর ও বিএসএফ নেতৃবৃন্দ।