সিলেটের ফতেহপুরে ইউপি চেয়ারম্যান আটক
গ্যাস কর্মীদের উপর হামলার অভিযোগে বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদরত উল্লাহকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার জালালাবাদ গ্যাস কর্মীরা চেয়ারম্যান কুদরত উল্লাহর বাড়ির অবৈধ গ্যাসলাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে চেয়ারম্যান এবং তাঁর ছেলে ও লোকজন নিয়ে হামলা ওই কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় জালালাবাদ গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের কারিগরি কর্মকর্তা নাছিরউদ্দিন, গাড়ি চালক আসিফ, গ্যাস সংযোগ কর্মী জাহাঙ্গীর ও ইসলামউদ্দিন আহত হন। আহতদের মারধর করে চেয়ারম্যানের উপস্থিতিতে তাঁর লোকজন ফতেহপুর বাজারে তাদেরকে ডাকাত বলে জিম্মি করে রাখে। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র্যাব-৯) একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই চেয়ারম্যানকে আটক করে ও গ্যাসকর্মীদের উদ্ধার করে নিয়ে আসে।
র্যাব-৯ এর ক্যাপ্টেন আল আমিন চেয়ারম্যানকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জালালাবাদ গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের (পূর্ব) ব্যবস্থাপক সৈয়দ নজিবুর রহমান বলেন, প্রায় দু মাস ধরে চেয়ারম্যান তাঁর বাড়িতে গ্যাস সংযোগ নিয়ে অবৈধভাবে ব্যবহার করছিলেন। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
