ফরিদপুরে অজ্ঞাত রোগে আক্রান্ত ১৫ স্কুল ছাত্রী
অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর উচ্চ বিদ্যালয়ের মোট ১৫ জন ছাত্রী।
কর্তব্যরত চিকিৎসকরা এটিকে অজ্ঞাত রোগ হিসেবে চিহ্নিত করে বলেছেন, এটি কোনও প্রাণঘাতী বা গুরুতর কোনও রোগ নয়। কাজেই আতঙ্কিত হওয়ার কারণ নেই। এরপরও এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার অজ্ঞাত এ রোগে সাদীপুর উচ্চ বিদ্যালয়ের দুইজন ছাত্রী আক্রান্ত হয়। বুধবার পাঁচজন এবং বৃহস্পতিবার আরও আটজন আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সবাই একই বিদ্যালয়ের ছাত্রী ও বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে।
অভিভাবকরা জানান, মঙ্গলবার খুলনার দিশারী প্যাথলজিক্যাল নামে একটি প্রতিষ্ঠান ১০ টাকা ফি নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের রক্তের গ্রুপ পরীক্ষা করার পর থেকে ছাত্রীরা প্রথমে মাথা ব্যথা শুরু ও পরে রোগী অজ্ঞান হয়ে যাচ্ছে।
বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে সাদীপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী শিল্পী (১৩) ও কেয়া (১৫), ষষ্ঠ শ্রেণীর ছাত্রী খাদিজা (১১), অষ্টম শ্রেণীর ফারজানা (১৩), মারুফা (১৩), রুমা (১৩), জুলেখা (১৫) ও সোনিয়া (১৩)।
সাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান দিল দরাজ জানান, অজ্ঞাত এ রোগ নির্ণয়ের জন্য জেলা সিভিল সার্জনের কাছে আবেদন করা হয়েছে।
তবে রোগটি ভাইরাসজনিত কিছু হতে পারে বলে তিনি ধারণা করছেন। একটি পরীক্ষাগারের লোকজন রক্তের গ্রুপ নির্ণয়ের পরই এই রোগ ছড়িয়ে পড়েছে বলে যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়ে তিনি বলেন, সব মিলিয়ে প্রায় চারশ ছাত্র-ছাত্রী ও শিক্ষকের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে গত মঙ্গলবার।
কিন্তু কোনও ছাত্র বা শিক্ষক এ রোগে আক্রান্ত হয়নি। গ্রুপ পরীক্ষায় সমস্যা হলে সবারই হবে, কয়েকজন ছাত্রীই শুধু আক্রান্ত হবে কেন?
ফরিদপুর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. নাজির হোসেন বলেন, আতঙ্ক কিংবা হিস্টিরিয়াগত কোনো সমস্যা হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা না করে কিছু বলা ঠিক হবে না।
তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এরইমধ্যে ২/৩ জন ছাত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মতিয়ার রহমান বলেন, জেনারেল হাসপাতালের আবাসিক ডাক্তার রফিকুল ইসলামকে সরেজমিন পরিদর্শনের জন্য সাদীপুর পাঠানো হয়েছে।
তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও কিছু সঠিকভাবে বলা যাবে না। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া স্কুল কর্তৃপক্ষ একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে রক্তের গ্রুপ পরীক্ষার উদ্যোগ কেন নিলো সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
