২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় দুই জেএমবি সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) অন্যতম নেতা বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ সেলিম (৩০) এবং আমজাদ হোসেনকে (৪০) বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 05:13 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিয়া জানান, বৃহস্পতিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে দুই জঙ্গিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ সেলিম জেএমবির সক্রিয় সদস্য এবং আত্রাই থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সেনা সদস্য শেখ ফরিদ হত্যা এবং মারধর ও চাঁদাবাজির অভিযোগে থানায় দুটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আমজাদ হোসেন আত্রাই উপজেলার ভোপাড়া ইউনিয়নের জেএমবির ইউপি কমান্ডার। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, খুনের উদ্দেশে মারধর সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।

পুলিশ বিকেলে দুই অভিযুক্তকে আদালতে পাঠিয়ে ছয় দিনের রিমান্ড দাবি করেছে।

মোহাম্মদ সেলিম আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের খোদা বক্সের ছেলে এবং আমজাদ হোসেন একই উপজেলার কাঁশিয়া বাড়ি গ্রামের আক্কাস আলীর ছেলে।