ঝালকাঠির আত্মঘাতী হামলায় যুক্ত ৭ জঙ্গি ধরা পড়েনি এখনও
ঝালকাঠির আত্মঘাতী হামলায় জড়িত মামুন ছাড়া বাকি সাত জঙ্গি ধরা পড়েনি এখনও। পলাতক অবস্থায় এদের একজনের ফাঁসির আদেশ হলেও বাকি ছয় জন রয়ে যায় পুরোপুরিই ধরাছোঁয়ার বাইরে। তথ্য না থাকায় অভিযোগপত্রেও তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। যদিও তখন বলা হয়েছিল, তথ্য পেলে তাদের বিরুদ্ধে সম্পুরক অভিযোগপত্র দাখিল করা হবে।
এদিকে বিচারক হত্যার ওই মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হায়দার হোসেন খুন হয়েছেন বুধবার রাতে। ভয় নেমে এসেছে নিহত বিচারকদের পরিবারের মনেও।
বিচারক হত্যার রায়ে শীর্ষ জঙ্গিদের ফাঁসি হলে নতুন করে জেএমবি হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও।
২০০৫ সালের ১৪ নভেম্বর জঙ্গি মামুনের আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ঝালকাঠির বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। গুরুতর আহত হয় মামুন নিজেও। আহত মামুন জবানবন্দিতে জানায় হামলায় জড়িত বাকি আট জনের কথা।
তখন যাদের নাম আসে, তারা হল আরিফ, মোল্লা ওমর, মেহেদি, মুয়াজ, মাহমুদ, রহিম, করিম ও রিপন। এদের মধ্যে আরিফের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। আর মোল্লা ওমর পরে অন্য এক আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়।
২৪ নভেম্বর ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন আত্মঘাতী হামলার আদ্যপান্ত বর্ণনা করেন ঢাকা মহানগর হাকিম মো. শফিক আনোয়ারের কাছে।
১৬৪ ধারার দেওয়া ওই জবানবন্দিতে মামুন বলেন, আরিফ ও মেহেদি বরিশালের ভাড়া করা বাসায় বসে তাকে বিচারক হত্যার দায়িত্ব দেয়। সে নির্দেশ অনুযায়ী রোজার সময় থেকেই মুয়াজ ও মাহমুদ বরিশাল থেকে ঝালকাঠিতে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে।
ঈদের ৪/৫ দিন আগে মেহেদি এবং মোল্লা ওমরের সহযোগিতায় মামুন ঝালকাঠির সেই বাসায় ওঠে। সেখানে মামুনের সঙ্গে পরিচয় হয় স্থানীয় জেএমবি কর্মী রহিম, করিম ও রিপনের।
মামুন জানায়, বোমা হামলার আগের দিন আরিফ এবং মেহেদি ঝালকাঠির বাসায় বসে দুটি বোমা তৈরি করে। এরপর আরিফের নির্দেশে মুয়াজ ও মাহমুদ বোমা দুটি প্লাস্টিকের একটি ব্যাগে ভরে কিভাবে বিস্ফোরণ ঘটাতে হবে তা মামুনকে শিখিয়ে দেয়।
বিচারক হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সি আতিকুর রহমান আদালতে অভিযোগপত্র দেওয়ার সময় উল্লেখ করেন, হামলায় জড়িতদের মধ্যে মেহেদি, মুয়াজ, মাহমুদসহ অন্যদের প্রকৃত ঠিকানা না পাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায়নি। ঠিকানা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আদালতে সম্পুরক অভিযোগপত্র দাখিল করা হবে বলে মতামত দেন তিনি।
এ প্রসঙ্গে র্যাব-৮ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামুনের দেওয়া তথ্য অনুযায়ী আত্মঘাতী দলের সদস্যদের নাম-ঠিকানা না মেলায় ওই জঙ্গিদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।
