২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তুমুল ঝড়-বৃষ্টি, বজ্রপাতে নিহত ১

চট্টগ্রামে বুধবার দুপুরের তুমুল বৃষ্টিপাতের সময় বজ্রপাতে একজন নিহত এবং দেয়াল ধসে তিনজন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 10:52 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

দুপুরের পর থেকে ঝড়ো হাওয়াসহ প্রায় একঘন্টার প্রচন্ড বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলের রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে। স্কুল ও অফিস ফেরত নগরবাসীদের দুর্ভোগে পড়তে হয় সবচেয়ে বেশি।

আবহাওয়া অফিস জানায়, বিকাল তিনটা পর্যন্ত ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর সাড়ে ১২টা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচন্ড বৃষ্টিপাতের সময় নগরীর বিভিন্নস্থানে শিলাবৃষ্টি হয়েছে।

নগরীর মনছুরাবাদ এলাকায় একটি গার্মেন্ট ভবনের ছাদে বুধবার দুপুর দেড়টার দিকে বজ্রপাতে সৌরভ বড়ুয়া (২০) নামে একজন গার্মেন্ট শ্রমিক নিহত হয়। তার বাড়ি পটিয়া উপজেলায়।

নিহত সৌরভ বড়ুয়া এসময় দুপুরের খাবার খাওয়ার জন্য গার্মেন্টস কারখানাটির ওপরে স্থাপিত একটি টিনশেড ঘরে উঠেছিল।

বজ্রপাতে আহত সৌরভকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই রতন সিংহ জানান।

নগরীর দক্ষিণ খুলশী রেডিয়েন্ট স্কুলের সামনে বুধবার দুপুরের বৃষ্টিপাতের সময় পাহাড় থেকে নেমে আসা পানির ঢলে সীমানা দেয়াল ধ্বসে তিনটি কার ও একটি সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে তিনজন যাত্রী আহত হয়।

প্রত্যক্ষদর্শী আহমেদুল হক জানান, দুপুর দেড়টার দিকে দক্ষিণ খুলশী এক নম্বর রোডে অবস্থিত রেডিয়েন্ট স্কুল ছুটির পর বেশ কয়েকটি গাড়ি যানজটে আটকা পড়ে। এ সময় আকস্মিকভাবে রাস্তার পাশের প্রায় পাঁচ ফুট উঁচু সীমানা দেয়াল গাড়িগুলোর ওপর পড়ে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহাবুদ্দিন জানান, বৃষ্টির কারণে সীমানা দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে।