সিলেটে জোড়া খুন মামলায় সাত জনের যাবজ্জীবন
জোড়া খুন মামলার রায়ে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত বুধবার সাত জনকে যাবজ্জীবন এবং তিন জনকে দুই বছর করে কারাদন্ডের নির্দেশ দিয়েছেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দন্ডাদেশ প্রাপ্তরা হচ্ছেন আবদুল মুকিত, আবদুল তাহিদ, আবদুল আজিদ, আবদুল জহির এলাইছ জাহিদ, আবদুল মালিক, আবদুল কাইয়ূম, আবদুল বাছির।
দুই বছর করে দন্ডাদেশ প্রাপ্তরা হচ্ছেন আতাহের আলী, আবুল কালাম ও তাহির আলী। এদের সবার বাড়ি ছাতক উপজেলার বিশ্বম্ভর গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার বিশ্বম্ভর গ্রামের ক্রিকেটার আজাদ আহমদ জুয়েল ও ফটিক মিয়া ২০০৫ সালের ১৮ ডিসেম্বর খুন হন। এ ঘটনায় নিহত জুয়েলের বাবা আমজাদ আলী বাদী হয়ে ১৯ ডিসেম্বর একই গ্রামের ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় মোট ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
