২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্নাতক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের বুধবার দুপুর ১২টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্নাতোকোত্তরসহ অন্যন্য শ্রেণীর শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদিত অভিন্ন গ্রেডিং পদ্ধতি কার্যকর করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর শিক্ষার্থীরা গত রোববার থেকে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছিলেন। তাদের ঘোষিত ৭২ ঘণ্টার আল্টিমেটাম পেরিয়ে যাওয়ার পর গোলোযোগের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার স্নাতক শ্রেণীর শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত বছরের ১৩ জুন মঞ্জুরি কমিশন সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালুর জন্য একটি প্রজ্ঞাপন জারি করে। ওই নির্দেশনা বাস্তবায়নের দাবিতে স্নাতক শ্রেণীর শিক্ষার্থীরা গত রোববার উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। সেই সঙ্গে দাবি বাস্তবায়নের জন্য ৭২ ঘণ্টা বেঁধে দিয়ে সব ধরনের পরীক্ষা ও ক্লাস বর্জন শুরু করেন তারা।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক শ্রেণীর শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্রছাত্রীদের হল নির্দেশ দিলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোল চত্বরে অবস্থান নেন। বিকেল ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে উপস্থিত হলে পুলিশ কর্মকর্তা ও শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে রাজি করান।

পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমানের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন।

বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. আবদুল খালেক জানান, গত মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভায় মঞ্জুরি কমিশনের অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে এ পদ্ধতি কেবল ২০০৭ সালে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অভিন্ন প্রেডিং পদ্ধতি ২০০৫ ও ০৬ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে তা বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।