পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮
চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, খুলনা ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আট জন।
চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, নগরীর মুরাদপুর রেল ক্রসিংয়ের কাছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ট্রাকের ধাক্কায় ফজল করিম (৫০) নামে একজন রিকশা আরোহী নিহত এবং নেছার আহমেদ নামে অপর এক ব্যক্তি আহত হয়েছে।
পুলিশ ও মেডিকেল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার ফজল করিমকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাসা নগরীর চান্দগাঁওয়ের খাজা রোডে।
পাঁচলাইশ থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই হায়দার আলী জানান, পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাক (কুমিল¬া-ট-৭২২০) এবং ট্রাক চালক মো. হানিফকে আটক করেছে।
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের দোহাজারী এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা রতন সিংহ জানান, গুরুতর আহত সাদেক (২৮), খোরশেদ (১৫), বেলাল (২০) ও রাসেলকে (১৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর দুইজনের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বাইপাস সড়কের পীরবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ৮টায় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় শহীদ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদ মিয়া এসময় রাস্তা পার হচ্ছিলেন। দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করেছে।
পাবনা প্রতিনিধি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরা পরিবহন বাসটি সাঁথিয়া উপজেলার করমজা এলাকায় পৌঁছালে মঙ্গলবার সকালে যাত্রীবেশী ডাকাত দল চালকের কাছ থেকে গাড়িটি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
নিহতরা হলেন মাগুড়া জেলার মজিবর রহমান ও খলিলুর রহমান। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। আহতদের পাবনা ও সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতাইকুলা থানার উপ পরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পটুয়াখালী প্রতিনিধি জানান, সোমবার রাত ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের ইসলামপুর মাদ্রাসার কাছে এক দুর্ঘটনায় মনোতোষ হালদার (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার ব্যাক্তি।
তাদের নাম শংকর বিশ্বাস (২০), সজল মিস্ত্রী (৭), ভিষমা রানী (২৫), সন্ধ্যা রানী (৩৩) ও সুব্রত বাড়ৈ (১৮)।
স্থানীয়রা জানায়, আহতরা ইসলামপুর হরে কৃষ্ণকুল আশ্রমে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে হেড লাইট বিহীন একটি মোটর সাইকেল বেপরোয়া গতিতে তাদের ওপর উঠে যায়।
মোটর সাইকেল যাত্রী মনতোষ হালদারকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হলে রাত ৩ টায় তিনি মারা যান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, মোটর সাইকেল চালক শংকর বিশ্বাসের অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকাল ৭টায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খুলনা প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বায়রা উপজেলা থেকে যাত্রী বোঝাই একটি বাস পাইকগাছা উপজেলার শিববাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম জানান,দুর্ঘটনায় বাসের হেলপার মনির ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়। আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া ডুমুরিয়া উপজেলার চৌরঙ্গী মোড়ে সোমবার রাত দেড়টায় অপর এক দুর্ঘটনায় জাকির হোসেন ও হাবিবুর রহমান নামে দুইজন মারা গেছেন। রাতে চৌরঙ্গী মোড়ে জাকির ও হাবিবুর রাস্তার পাশে ট্রাক রেখে মেরামত করছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি গরু বোঝাই ট্রাক জাকির ও হাবিবুরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় জাকির ও হাবিবুর। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
