হাতিরঝিলে জমি বরাদ্দ বাতিল হচ্ছে
সোনারগাঁও হোটেল প্রান্তে হাতিরঝিলে জমির বরাদ্দ বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এর পাশ দিয়ে রামপুরা থেকে পান্থপথের সংযোগকারী সড়ক নির্মাণ করা হবে। ঝিলের উপর দিয়ে থাকবে যোগাযোগরক্ষাকারী সেতু।
বিজিএমইএ, এফবিসিসিআই, বিটিএমইএ, হিল্টন হোটেল এবং সিএনজি স্টেশনের জন্য বিভিন্ন সময়ে হাতিরঝিলে জমি বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় সরকার উপদেষ্টা এই বরাদ্দ বাতিলের জন্য যোগাযোগ উপদেষ্টাকে অনুরোধ করেছেন। প্রধান উপদেষ্টার নির্দেশেই এ অনুরোধ করা হযেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
মঙ্গলবার এফবিসিসিআই নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, “ঢাকা শহরের চারটি খালের পানি হাতিরঝিলে এসে পড়ে। এখানে স্থাপনা তৈরি করা হলে পানি নিষ্কাশনের কোনো পথ থাকবে না। খালের পানি রাস্তায় উঠে আসবে। আর এ কারণেই বরাদ্দগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।”
এদিকে, এরই মধ্যে ঝিলে বরাদ্দ পাওয়া জমিতে বিজিএমইএ তাদের ভবন নির্মাণ করেছে। এই ভবনটি ভাঙা হবে কি না-প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “শুধু বিজিএমইএ এর ভবনই নয়, অন্য প্রতিষ্ঠানগুলোকেও বিকল্প জায়গা বরাদ্দ দেওয়ার চিন্তা করছে সরককার।”
তিনি বলেন, রামপুরা থেকে পান্থপথ পর্যন্ত সার্কুলার রোড করা হবে। হাতিরঝিলের চারপাশে থাকবে এ রাস্তা। ঝিলের ওপর দিয়ে থাকবে যোগাযোগরক্ষাকারী সেতু। এ সার্কুলার রোডের জন্য সর্বোচ্চ ৫০০ কোটি টাকা ব্যয় হবে।
এর আগে এফবিসিসিআই নেতারা ঝিলে তাদের বরাদ্দ পাওয়া জমির বিষয়ে আলোচনা করতে এলে উপদেষ্টা তাদের জানান, ঝিলটির জবর দখল যেকোনো উপায়ে বন্ধ করা হবে।
এফবিসিসিআই এর প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, “ঢাকাকে বাঁচাতে হাতিরঝিল থেকে সব স্থাপনা উচ্ছেদ করতেই হবে। না হলে ঢাকা পানিতে ডুবে যাবে।”
বৈঠকে বলা হয়, রেলওয়ে কর্তৃপক্ষ এখতিয়ার বহির্ভূতভাবে হাতিরঝিলের জমি বরাদ্দ দিয়েছে। সরকার রেলওয়ের জন্য এই জমি অধিগ্রহণ করেছিল। নিয়ম হচ্ছে অধিগ্রহণ কার জমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাজে না লাগলে তা সরকারের কাছে ফেরত দিতে হবে। কিন্তু হাতিরঝিলের জমি পরে সরকারকে ফেরত না দিয়ে রেলওয়ে উল্টো বিভিন্ন প্রতিষ্ঠানকে বরাদ্দ দিচ্ছে।
বেলা ১২টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। এতে এফবিসিসিআই সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
