২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বিশ্বাসযোগ্য নয়: আওয়ামী লীগ

শেখ হাসিনার বিরুদ্ধে যে চাঁদাবাজির মামলা করা হয়েছে, তা কোনো সুস্থবুদ্ধিসম্পন্ন মানুষ বিশ্বাস করবে না। তার বিরুদ্ধে দুর্নীতির বা সুবিধা গ্রহণের অভিযোগ তার চরম রাজনৈতিক প্রতিপক্ষও পাঁচ বছরে প্রতিষ্ঠিত করতে পারেনি। সুতরাং নয় বছর আগের একটি ঘটনায় জনৈক ব্যক্তির মামলাও বিশ্বাসযোগ্য নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 04:18 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এই দাবি করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল এক বিবৃতিতে এই মামলা দায়েরের তীব্র প্রতিবাদও জানান।

বিবৃতিতে তারা বলেন, দায়িত্বকালে সততা, আন্তরিকতা ও স্বচ্ছতার ভিত্তিতে সরকার পরিচালনা করেছেন শেখ হাসিনা। এমনকি নিজের পৈত্রিক সম্পত্তি পর্যন্ত তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে দান করেছেন।

তারা দাবি করেন, রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে এই বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে সোমবার তেজগাঁও থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই জিল্লুর রহমান ও আব্দুল জলিল এ বিবৃতি দেন। ওই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তিন কোটি টাকার অভিযোগ আনেন একটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানির চেয়ারম্যান তাজুল ইসলাম।

ওই মামলায় শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী থাকাকালীন তার ব্যক্তিগত কর্মকর্তা মানু মজুমদারকে আসামি করা হয়। বিচারে দোষী প্রমাণিত হলে হাসিনাকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।