২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ বাহিনীকে হতে হবে সেবাধর্মী প্রতিষ্ঠান: প্রধান উপদেষ্টা

পুলিশ বাহিনীর গুরুত্বের কথা বিবেচনা করে এর আধুনিকায়ন ও দ্রুত সংস্কারের ওপর বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে। রাজধানীর রাজারবাগ পুলিশ ময়দানে মঙ্গলবার সকালে পুলিশ সপ্তাহ-২০০৭ এর উদ্বোধন করতে গিয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ একথা জানিয়ে বলেন, “দেশে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের গুরুত্ব অপরিসীম। গণতান্ত্রিক সমাজে পুলিশ বাহিনীকে মানবাধিকারের প্রতি সংবেদনশীল এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হতে হবে। কাজ করতে হবে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 02:43 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, তপন চৌধুরী, চৌধুরী সাজ্জাদুল করিম, গীতিআরা সাফিয়া চৌধুরী, এম এ মতিন এবং পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদসহ সামরিক বাহিনী, পুলিশ ও বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষার পাশাপাশি আমাদের পুলিশ বাহিনীকে দেশের আর্থ সামাজিক উন্নয়নের একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হয়। তাই তাদের সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিপরায়ণ দুর্বৃত্তদের হাত থেকে নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষা করতে হবে। অপরাধমুক্ত রাখতে হবে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পখাতসহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে।”

ফখরুদ্দীন আহমদ আরও বলেন, কেবল আচরণগত ও অবকাঠামোগত উন্নয়নই নয়, উদ্দেশ্য সাধনে পুলিশের কার্যক্রমে প্রক্রিয়া ও পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে। লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনার প্রয়োজনে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও পরিধি সম্প্রসারিত করতে হবে। সনাতন অপরাধের পাশপাশি সাইবার অপরাধ এবং মানি লন্ডারিংয়ের মতো আধুনিক অপরাধ তদন্ত করার ক্ষমতা বাড়াতে হবে। কর্মকাণ্ডের প্রতিটি স্তরে সততা, দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, “কর্মক্ষেত্রে ও ব্যাক্তি জীবনে পুলিশ বাহিনীর সদস্যদের ব্যাপারে সরকার অবগত রয়েছে। দীর্ঘকাল জমে থাকা পুঞ্জিভূত সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে আমি কথা দিচ্ছি, পারিবারিক রেশন এবং ঝুঁকিভাতা বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেবে সরকার।”

তিনি আরও বলেন, “একটি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বর্তমান সরকার যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে তা বাস্তবায়নে পুলিশ বাহিনীর রয়েছে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা। জনগণের কল্যাণে ও যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি সেবামুখী, পেশাদার, স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিতামূলক পুলিশ বাহিনী গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আজ ও আগামীর এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের পুলিশ বাহিনী সফল হবে বলে আমি আশাবাদী।”

প্রধান উপদেষ্টা কুচকাওয়াজ ও সালাম গ্রহণের পর বীরত্বপূর্ণ কাজের জন্য ২৮ জন পুলিশ সদস্যের মধ্যে পদক বিতরণ করেন। তালিকায় ১৮ জন পুলিশ সদস্য ও ১০ জন্য র‌্যাব সদস্য রয়েছেন।

কৃতিত্বপূর্ণ কাজের জন্য যেসব পদক দেওয়া হয়েছে সেগুলো হলো বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম, রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম, বিপিএম সেবা এবং পিপিএম সেবা। বাংলাদেশ পুলিশ পদকে এককালীন ১০ হাজার টাকা ও আজীবন প্রতিমাসে ২০০ টাকা করে এবং রাষ্ট্রপতির পুলিশ পদকে এককালীন পাঁচ হাজার টাকা ও আজীবন প্রতিমাসে ১০০ টাকা করে দেওয়া হয়।

চলতি বছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) প্রাপ্তদের মধ্যে রয়েছেন রাজবাড়ীর মরহুম কনস্টেবল মো. জাহাঙ্গীর হোসেন (মরণোত্তর), র‌্যাব-৬ খুলনার মরহুম পিসি মো. কাঞ্চন আলী (মরণোত্তর), র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক লে. কর্নেল গুলজারউদ্দিন আহমেদ, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার মেজর আতিকুর রহমান, মেজর মো. শামসুজ্জোহা এবং টাঙ্গাইলের ট্রাফিক কনস্টেবল মো. সিরাজ মিয়া।

বাংলাদেশ পুলিশ পদক-সেবা পেয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. মাহবুবুল আলম মোল্লা।

রাষ্ট্রপতি পুলিশ পদক প্রাপ্তদের মধ্যে রয়েছেন ডেমরা থানার এসআই আবদুল খালেক, ডিএমপির এএসআই মো. শফিউল আজম, রাজবাড়ির সহকারী পুলিশ সুপার রিয়াজউদ্দিন আহম্মেদ, রাজবাড়ির কনস্টেবল কামরুল ইসলাম, টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আবদুর রব, টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মো. সাফিয়ুর রহমান, এসএম কামরুল ইসলাম, র‌্যাব-৭ চট্টগ্রামের এএসপি মোহাম্মদ ওসমান গণি, র‌্যাব-৮ বরিশালের ক্যাপ্টেন আবদুল্লাহ আল মনছুর ভুঁইয়া এবং র‌্যাব-৮ এর মোহাম্মদ আলী।

অন্যদিকে রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা পেয়েছেন ডিএমপির এসআই মো. শামসুজ্জোহা, নরসিংদীর এসআই মো. সায়েদুর রহমান, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার খোন্দকার নাজমুল হাসান, এসবির পরিদর্শক মো. মাইনুল ইসলাম, রাঙ্গামাটির পরিদর্শক মো. ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়ার এসআই মো. আবদুস সালাম, নোয়াখালীর হেড কনস্টেবল মো. শাহজালাল মিয়া, ভোলার পরিদর্শক হারুন-অর-রশীদ, র‌্যাব সদর দপ্তরের লে. এবিএম ফয়সাল হায়দার এবং ক্যাপ্টেন তানভীর হায়দার।