২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোকানের জিনিসপত্র বিক্রি করে উচ্ছেদ অভিযানের খরচ উসুল

রাজশাহীর বানেশ্বর হাটে উচ্ছেদ করা দোকানপাটের গ্রিল, টিন, দরজা, শাটার ও রড বিক্রি করে খরচ উসুল করেছে পুঠিয়া উপজেলা পরিষদ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 09:15 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী জানান, বানেশ্বর হাটের অবৈধ স্থাপনা ভেঙে ফেলতে এগুলোর মালিকদের নোটিস দেওয়া হয়েছিলো। কিন্তু তার কাজটি না করায় প্রশাসনের পক্ষ থেকে সেগুলো উচ্ছেদ করা হয়। আর এর খরচ মেটানো হয়েছে স্থাপনার জিনিসপত্র বিক্রি করে। এতে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি আছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, বানেশ্বর হাটের ব্যবসায়ীরা বলেছেন দোকানপাট ভেঙে জিনিসপত্র বিক্রি করে দেওয়ায় তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সোমবার বেলা ১১ টায় মহানগরীর জিডিআরসি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বানেশ্বর হাটের ব্যবসায়ীরা অভিযোগ করেন, গত ১৬ মার্চ আইন উপদেষ্টা গ্রামীণ হাট-বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ রাখার নির্দেশ দিলেও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তা মানেননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বানেশ্বর হাট-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরকার রুহুল আমিন, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মজনু, ব্যবসায়ী আমিনুল ইসলাম মিন্টু, মনিরুজ্জামান মাসুম, মকবুল হোসেন, সুলতান আলী, আবদুল খালেক প্রমুখ।