২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২’শ ৩৫ জনের নতুন সাংগঠনিক কাঠামোর প্রস্তাব দিয়েছে দুদক

চেয়ারম্যান, তিন কমিশনার, ছয় মহাপরিচালক, ২৬ পরিচালক ও ৬১ উপ-পরিচালকসহ মোট ১২’শ ৩৫ জন কর্মকর্তা-কর্মচারীর সাংগঠনিক কাঠামোর (অর্গানোগ্রাম) সংশোধিত প্রস্তাব রোববার সরকারের কাছে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 08:29 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বর্তমানে চেয়ারম্যান, দুই কমিশনার, পাঁচ মহাপরিচালক, ১৫ পরিচালক ও ৪৬ উপ-পরিচালকসহ মোট ৬’শ ৫০ জন কর্মকর্তা-কর্মচারীর সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ চালাচ্ছে দুদক। এর মধ্যে চার মহাপরিচালক ও নয় পরিচালকের পদসহ বেশ কিছু পদ খালি রয়েছে।

কমিশন সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে দুর্নীতি দমন ব্যুরোতে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছিল ১২’শ ৬১ জন। পরে সিলেট আঞ্চলিক অফিস প্রতিষ্ঠার পর আরো ২০টি পদ সৃষ্টি করা হয়। তাদের নিয়ে ২০০৪ পর্যন্ত ব্যুরোর কর্মী সংখ্যা ছিল ১২’শ ৮১ জন।

২০০৪ সালের ২১ নভেম্বর ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ৬’শ ৫০ জনকে নিয়ে দুর্নীতি দমন কমিশন যাত্রা শুরু করে। তবে শুরু থেকেই লোকবলের অভাবে বিভিন্ন সমস্যা ও সমালোচনার মুখে পড়তে হয় দুদককে।

গত ১৮ ফ্রেব্রুয়ারি দুর্নীতি বিরোধী অভিযান শুরু করার পর কমিশনের লোকবল সংকটের বিষয়টি প্রকট হয়ে দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে রোববার বর্ধিত লোকবল চেয়ে সরকারের কাছে নতুন সাংগঠনিক কাঠামোর প্রস্তাব পাঠালো দুদক।