চট্টগ্রামে দুটি দুর্ঘটনায় দুজন নিহত
চট্টগ্রামে রোববার রাতে দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে পাহাড়তলী এলাকায় ছিনতাইকারীর ছুরিতে একজন এবং সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে লোহার পাত চাপা পড়ে এক শ্রমিক নিহত হন।
চট্টগ্রাম মেডিকেল কজেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই রতন সিংহ জানান, রোববার রাত ৯টার দিকে পাহাড়তলী বাজারের কসাইখানা এলাকার মুদি দোকানদার বাবু মজুমদার (২৯) ছিনতাইকারীদের ছুরিতে আহত হন। হাসপাতালে ভর্তির পর রাত ১০টার পর মারা যান তিনি। বাবু মজুমদারের বাড়ি পটিয়া উপজেলায়।
এছাড়া স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে মেডিকেল ফাঁড়ির পুলিশ জানায়, সীতাকুন্ডের লোকমান হাকিম জিডি সুবেদার শিপইয়ার্ডের শ্রমিক ফিরোজ মিয়া (২৫) রোববার রাতে কাজ করছিলেন। এ সময় ওপর থেকে একটি ভারী লোহার পাত তার উপর পড়ে। আশংকাজনক অবস্থায় তাকে রাত ১০টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
