ঝালকাঠীতে সাবেক পৌর চেয়ারম্যানসহ ৩ জন আটক
ঘুষ নেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীসহ তিন ব্যক্তিকে রোববার বিকেলে আটক করেছে যৌথবাহিনী।
আটক অপর দুইজন হলেন, পৌর কমিশনার জাহাঙ্গীর হোসেন এবং পৌরসভার হিসাব রক্ষক আবদুর রব গাজী।
তাদের ঝালকাঠী সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পৌরসভার সাবেক প্রধান সহকারী মাসুদুর রহমানের বেতন ভাতা তুলে দেওয়ার কথা বলে ৭৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানিয়েছেন, যৌথবাহিনী সোমবার সকালে তাদের নলছিটি থানায় হস্তান্তর করেছে।
ঝালকাঠী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্ণেল শামীমুর রহমান জানিয়েছেন, আটককৃতরা ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন।
