২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনের বিষয়ে যুক্তরাষ্ট্র আদালতের সিদ্ধান্ত দু একদিনেই

বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি একেএম মহিউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে দুই একদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র আদালতের সিদ্ধান্ত জানা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 05:39 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

আদালতের এখতিয়ারভুক্ত বলে মহিউদ্দিনকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৃষ্ট জটিলতা এখন আর কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান সম্ভব নয় বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহিউদ্দিন আহমেদ তার অভিবাসন সংক্রান্ত মামলার পুনরায় শুনানির জন্য গত ৩০ মার্চ যুক্তরাষ্ট্র আদালতে আবেদন জানিয়েছেন।

এ আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দুই/এক দিনের ভেতরে বিচারকরা একটি প্যানেল অধিবেশনে বসবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিচারকেরা মহিউদ্দিন আহমেদের আবেদন গ্রহণ করলে নতুন করে মামলার শুনানি অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে তাকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিষ্পত্তি হতেও সময় লাগবে।

অবশ্য বিচারকদের প্যানেল পুনরায় শুনানির আবদন নাকচ করে দিলে তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে কোনো বাধা থাকবে না।