সরকার নির্ধারিত অপরাধ ছাড়া জামিনে বাধা নেই
মামলা দায়ের, অপরাধ তদন্ত, বিচার, আপিল, জামিনের আবেদনে সরকারের আগাম অনুমোদনের বাধ্যবাধকতা রেখে সংশোধিত হলো জরুরি ক্ষমতা বিধিমালা-২০০৭।
রোববার জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তৃতীয়বার সংশোধিত ওই বিধিমালার অধীনে সরকারের নির্ধারণ করে দেওয়া অপরাধগুলো ছাড়া বাকি সব অপরাধের ক্ষেত্রেই প্রচলিত আইন অনুযায়ী জামিনের বিধান থাকছে ।
জরুরি ক্ষমতা বিধিমালার সংশোধনী সম্পর্কে আইন মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় বলা হয়েছে, জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এ বিধি ১৯ ঘ অনুসারে ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০, অস্ত্র আইন ১৮৭৮, বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০০২, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর অধীনে দায়ের করা মামলায় অ-জামিনযোগ্য ধারায় অভিযুক্ত ব্যক্তির ২১ মার্চ ২০০৭ হতে কোনো আদালত ও ট্রাইবুনালে জামিন আবেদন দাখিলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এর ফলে জামিন প্রদানের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। এর অবসানের জন্য ৮ এপ্রিল জরুরি বিধিমালা ২০০৭ এর সংশোধনী জারি করা হয়েছে।
ব্যাখ্যায় আরো বলা হয়, এ সংশোধনী অনুযায়ী ফৌজদারি দণ্ডবিধি, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে দায়ের করা কোনো মামলায় জরুরি অবস্থা বলবৎ থাকাকালে জরুরি ক্ষমতা বিধিমালার বিধান প্রযোজ্য করতে হলে সরকার বা অন্য কোনো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
অবশ্য জরুরি ক্ষমতা বিধিমালার অধীনে জামিন অযোগ্য ধারায় কোন কোন মামলা বিবেচনা করা হবে তা নির্ধারণে ১০দিনের সময়সীমা রাখা হয়েছে। মূলত এরই মধ্যে জারি হওয়া মামলাগুলো থেকে জরুরি আইনের অন্তর্ভুক্তগুলো বাছাই করার জন্যই এ সময় রাখা হয়েছে বলে সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন।
নতুন সংশোধনীর প্রয়োজনীয়তা উলে¬খ করে সরকারের একজন আইন কর্মকর্তা বলেছেন, এর আগের সংশোধনীতে জামিন অযোগ্য অপরাধ হিসেবে দণ্ডবিধি, বিশেষ ক্ষমতা আইনসহ অন্য আইনগুলোর উল্লেখ থাকায় সব মামলাতেই জামিন দেওয়া যাবে না বলে একটি ভুল ধারণা তৈরি হয়েছিল। তা এড়াতেই এ আইনের সংশোধন করা হয়।
জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর অধীন ১৪ নম্বর বিধি অনুযায়ী অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ধ্বংসাত্মক কার্য, মজুদদারি, ওষুধ ও খাদ্যদ্রব্যে ভেজাল মিশ্রণ, মুদ্রা ও সরকারি স্ট্যাম্প জালকরণ, কালোবাজারি, চোরাচালান, মাদকদ্রব্য, অর্থনৈতিক জীবন বিপন্নকারী অপরাধগুলোর দায়ে জামিনের বিধান রাখা হয়নি।
জরুরি ক্ষমতা অধ্যাদেশ-২০০৭ জারি করা হয় ২৫ জানুয়ারি। প্রথম দফা এতে সংশোধনী আনা হয় ১৩ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফা সংশোধনী আনা হয় ২১ মার্চ।
