যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ফ্লাইট ক্যাডেট নিহত
যশোরের অভয়নগর উপজেলার পাথালিয়া গ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬-৬৮০২) বিধ্বস্ত হয়ে ফ্লাইট ক্যাডেট ফয়সাল আহমেদ সেতু (২১) মারা গেছেন। যশোরে বিমান বাহিনীর একাডেমি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিমান বাহিনীর একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছে, বিমানটির ইঞ্জিনে গোলযোগ দেখা দেওয়ার পর জরুরিভাবে অবতরণ করতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দু’একদিনের মধ্যেই তদন্ত কাজ শুরু করবে কমিটি।
খবর পেয়ে ঢাকা থেকে বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল শাহ মো. জিয়াউর রহমান বিশেষ হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তদন্ত করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
যশোর বিমানবাহিনীর প্রশিক্ষণ একাডেমির স্কোয়াড্রন লিডার মামুন অর রশিদের বরাত দিয়ে খুলনা প্রতিনিধি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে একাডেমি থেকে পাইলট ফয়সাল বিমান নিয়ে আকাশে প্রদক্ষিণ করতে থাকে। এক পর্যায়ে ফয়সাল কন্ট্রোল রুমে যোগাযোগ করে যান্ত্রিক ত্রুটির কথা জানান। এর কিছুক্ষণ পরই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পাথালিয়া পুলিশ ক্যাম্পের দারোগা মোনায়েম হোসেনসহ পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দু’ একদিনের মধ্যে কাজ শুরু করবে।
পাথালিয়া গ্রামের কৃষক আইয়ুব আলী স্থানীয় সাংবাদিকদের জানান, তিনি তখন মাঠে মাটি কাটছিলেন। এসময় গ্রামের মালেক জমাদ্দারের বাড়ির বাঁশঝাড়ের ওপর একটি বিমান খুব দ্রুত নেমে আসে একং কিছু বুঝে উঠার আগেই বিকট শব্দে সেটি ভেঙ্গে পড়ে। তিনি জানান, মাটিতে পড়ার পর বিমানটির চালকের শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়। বিমান বিধ্বস্তের প্রচণ্ড শব্দে মালেক জমাদ্দারের ছেলের বউ রিনা অজ্ঞান হয়ে যান।
বেলা ২ টার দিকে নিহত ফয়সালের লাশ স্থানীয় পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে প্রশিক্ষণ একাডেমিতে নেওয়া হয়। বিকালে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় জানাজা শেষে লাশ ফয়সালের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রশিক্ষণ শেষে জুলাই মাসে ফয়সালের পাসিং আউট করার কথা ছিল।
ওদিকে দুর্ঘটনায় দুমরে মুচরে যাওয়া বিমানটি পুলিশ ঘিরে রেখেছে। যশোর জেলা প্রশাসক আবুয়াল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত ফয়সালের গ্রামের বাড়ি ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামে। তার বাবার নাম শাহজাহান হাওলাদার। সেতুরা এক ভাই, এক বোন।
