২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়তি দূরত্বের কথা বলে আদায় করা হচ্ছে বেশি ভাড়া

ভাড়ার তালিকায় যাত্রাপথের কল্পিত দূরত্ব লিখে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করার অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2007, 12:45 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর অনুসন্ধানে দেখা গেছে, পরিবহন মালিক সমিতি শহরের ভেতরের বিভিন্ন দূরত্ব ভ্রমণের জন্য যাত্রীদের প্রদেয় ভাড়ার তালিকা তৈরি করেছে। এই তালিকায় প্রতি কিলোমিটার দূরত্বে সরকার নির্ধারিত ভাড়ার পরিমাণ ঠিক থাকলেও গন্তব্যের দূরত্ব বেশি দেখানো হয়েছে। নির্ধারিত দুটি স্থানের দূরত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছেন পরিবহন ব্যবসায়ীরা। (সংশোধিত)

বাসের গায়ে লাগানো তালিকায় লিখে রাখা বিভিন্ন স্থানের কল্পিত দূরত্বের সঙ্গে সরকার নির্ধারিত ভাড়া গুণ করে পরিবহন সহকারিরা বেশি ভাড়া আদায় করছে ।

ঢাকা শহরের গাবতলী এবং সায়েদাবাদের মধ্যে যাতায়াতকারী মিনিবাসগুলোর ভাড়ার তালিকায় ফার্মগেট থেকে জাতীয় প্রেসক্লাবের দূরত্ব লেখা হয়েছে সাড়ে ছয় কিলোমিটার। ঊর্ধ্বতন একজন সরকারি কর্মকর্তার দেওয়া তথ্য অনুসারে এ দূরত্ব কোনোভাবেই পাঁচ কিলোমিটারের বেশি হবে না।

জানা গেছে, বাস ভাড়ার নতুন এই তালিকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদিত নয়। এরই মধ্যে বিআরটিএ কর্তৃপক্ষ এই অনিয়ম তদন্তের নির্দেশও দিয়েছে।

বিআরটিএ এর নির্বাহী প্রধান (প্রকৌশল) হুমায়ুন রশিদ খলিফা বলেছেন “আমাদের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন দুটি নির্দিষ্ট যাত্রাপথের মধ্যকার দূরত্ব যাচাই করে সে অনুযায়ী ভাড়া নির্দিষ্ট করেন। ভাড়ার এই তালিকা সব বাস ও বাসস্টপে ঝুলানো থাকতে হবে।”

এছাড়া ভাড়ার তালিকায় সড়ক এবং জনপথ দপ্তরের নির্ধারিত দূরত্ব উল্লেখ আছে কিনা সেটি যাচাই করে প্রতিস্বাক্ষর দেবেন বিআরটিএ কর্মকর্তারা।

বিআরটিএ প্রধান এবিএম শাহজাহান ৪ এপ্রিল বিভিন্ন পরিবহন মালিক সমিতিকে চিঠি দিয়ে তাদের বিরুদ্ধে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের অভিযোগ ওঠার কথা জানান।

এরপর পরিবহন মালিক সমিতি শহরের বিভিন্ন এলাকার দূরত্ব উল্লেখ করে একটি ভাড়ার তালিকা করলেও বিআরটিএর কছে সেটি গ্রহণযোগ্য হয়নি। এ কারণে বিআরটিএ চেয়ারম্যান সংস্থার কর্মকর্তাদের যাত্রাপথের মধ্যবর্তী দূরত্ব যাচাইয়ের নির্দেশ দেন।

বিআরটিএ এর নির্বাহী প্রধান (প্রকৌশল) হুমায়ুন রশিদ খলিফা জানান, পরিবহন মালিক সংস্থার তৈরি তালিকায় যাত্রাপথের নির্ধারিত দূরত্ব সড়ক এবং জনপথ দপ্তরের দ্বারা নির্ধারিত দূরত্বের সঙ্গে মেলে কিনা সেটি যাচাই করে দেখা হবে। এর বাইরে দূরপাল্লার বাসের ভাড়ার তালিকার ব্যাপারেও বিআরটিএ এর অনুমোদন নিতে হবে।