জাতীয় জীবপ্রযুক্তি কমিশন গঠনের দাবি
জীব প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য জাতীয় জীবপ্রযুক্তি কমিশন গঠনের দাবি করা হয়েছে।
ঢাকায় এক আন্তর্জাতিক সম্মেলনে সরকারের প্রতি এ দাবি করা হয়।
রোববার সম্মেলন শেষে সাংবাদিকদের জানানো হয়, সম্মেলনে একটি জাতীয় জীবপ্রযুক্তি কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। এ কমিশনের স্বাধীন অর্থায়ন এবং নিজস্ব সচিবালয় স্থাপনেরও সুপারিশ করা হয়েছে। সরকারি কর্মকর্তা, জীবপ্রযুক্তিবিদ এবং শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে কমিশনের পরিচালনা পরিষদ গঠন করার প্রস্তাব করা হয়েছে। বর্তমান জাতীয় জীব প্রযুক্তি ইন্সটিটিউট স্বায়ত্বশাষিত গবেষণা কেন্দ্র হিসাবে কাজ করবে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, জীব প্রযুক্তির ক্ষেত্রে আমরা প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়েছি। এ সম্মেলন থেকে সুনির্দিষ্ট কিছু সুপারিশমালা সরকারের কাছে তুলে ধরা হয়েছে। আশা করছি বর্তমান সরকার দ্রুত গতিতে এ সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে।
অধ্যাপক আহমদ আবদুল্লাহ আজাদ বলেন, জীব প্রযুক্তিনীতিমালা তৈরিতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়নি। জাতীয় জীব প্রযুক্তি ইনস্টিটিউট স্থাপনেও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়নি। এসব স্থানে যে শূন্যতা রয়েছে তার ধরিয়ে দিতে হবে।
সম্মেলনে বলা হয়, জীব প্রযুক্তির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এতে কৃষি ও স্বাস্থ্য খাতের আরও উন্নয়ন হবে। দেশে তুলা চাষ, ভাইরাসমুক্ত পেপে এবং ডিম নিয়ে গবেষণা চলছে। পাট নিয়েও গবেষণা চলছে। টিস্যু কালচারের মাধ্যমে ভাইরাস মুক্ত আলু বীজ উৎপাদন করা হচ্ছে। এরপরও দেশের ৮০ ভাগ আলু বীজ আমদানি করতে হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক আহমদ শামসুল ইসলাম, অধ্যাপক নঈম চৌধুরী, অধ্যাপক হাসিনা খান, অধ্যাপক ফেরদৌসী কাদরী, অধ্যাপক শাহ মো. ফারুক এবং অধ্যাপক জেবা ইসলাম সেরাজ।
শুক্রবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর’বি) এর সাসাকাওয়া সেন্টারে তিনদিনের এ সম্মেলন শুরু হয়। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এতে অংশ নেন।
