চবি শাটল ট্রেনে গণছিনতাই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে আবারও গণছিনতাই হয়েছে। চলন্ত ট্রেনে সাত শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রবেশী ১০/১২ জন ছিনতাইকারী রোববার সকাল পৌনে এগারটার দিকে বটতলী রেলওয়ে স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে ওঠে। ট্রেনটি দেওয়ানহাটের কাছাকাছি পৌঁছালে তারা দা, ছুরি, কিরিচসহ বিভিন্ন ধারালো অস্ত্র দেখিয়ে সাত শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা আমবাগান রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেন থেকে নেমে যায়।
এদিকে এক সপ্তাহ ব্যবধানে শাটল ট্রেনে দ্বিতীয়বারের মতো ছিনতাইয়ের প্রতিবাদে বিশ্ববিদ্যায়ের প্রক্টরের কাছে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। নিরাপত্তার দাবি জানানোর পাশাপাশি ছিনতাইয়ের সঙ্গে রেলওয়ে পুলিশ কিংবা ট্রেন চালকদের কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখতে বলেছেন তারা।
গত সোমবার রাতে একই স্থানে শাটল ট্রেন থেকে ছয়টি মোবাইল ফোন ছিনতাই হয়।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক দিদারুল আলম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছিনতাই বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বার বার জিআরপি থানাকে অবহিত করা হলেও কেন তারা ব্যবস্থা নিচ্ছে না তা আমাদের বোধগম্য নয়। আমরা আবারও উচ্চ পর্যায়ে যোগাযোগ করব।”
এদিকে, জি আর পি থানার এ এস আই মোছা. মোরশেদা জানান, রোববারের ছিনতাইয়ের কথা তিনি শুনেছেন। তবে লিখিত কোনো অভিযোগ পাননি।
