সরকারি প্রতিষ্ঠানগুলো অতীতে ভালো কিছু করতে পারেনি: টেলিযোগাযোগ উপদেষ্টা
টেলিযোগাযোগ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, অতীতে সরকারি প্রতিষ্ঠানগুলো কখনোই ভালো কিছু করতে পারেনি।
রোববার সন্ধ্যায় সরকারি মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠান টেলিটকের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকার র্যাডিসন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টেলিটকের চেয়ারম্যান ও টেলিযোগাযোগ সচিব মিয়া মুসতাক আহমেদ। সভাপতিত্ব করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম।
উপদেষ্টা বলেন, “টেলিটক অল্প সময়ে অনেক উন্নতি করেছে। অতীতে সরকারি প্রতিষ্ঠানগুলো কখনোই ভালো কিছু করতে পারেনি। এক পর্যায়ে সব প্রতিষ্ঠানই লোকসানি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। এতে প্রচুর সরকারি অর্থের অপচয় হয়েছে। কিন্তু টেলিটক স্বয়ংসম্পূর্ণ একটি প্রতিষ্ঠান। সরকারি বা ব্যাংকের সাহায্য ছাড়াই প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থায় আছে।”
সেবার মান ও প্রতিষ্ঠানের জনপ্রিয়তা বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেওয়ার জন্য টেলিটকের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান হিসেবে জনগণের প্রতি টেলিটকের যথেষ্ঠ দায়িত্ব আছে।”
মিয়া মুসতাক আহমেদ বলেন, “টেলিটক বাজারে আসায় অন্যান্য মোবাইল প্রতিষ্ঠানগুলো কল রেট কমাতে বাধ্য হয়েছে।” ধারাবাহিকতা বজায় রেখে টেলিটক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা ছয় লাখ ৩৩ হাজার। চলতি বছর শেষে এই সংখ্যা ১০ লাখ এবং ২০০৮ সাল শেষে ২০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
