১০ দিনের মধ্যে বড় পুকুরিয়ার দুটি ইউনিট চালুর নির্দেশ
জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী আগামী ১০ দিনের মধ্যে বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিট চালু করার নির্দেশ দেন। বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় প্রয়োজনে কয়লা আমদানি করে হলেও ইউনিট দু’টি চালু করার কথা বলেন তিনি। একই সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন বৃদ্ধিরও নির্দেশ দেন।
দিনাজপুর বড় পুকুরিয়া কয়লা খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্রে শনিবার পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন জ্বালানি সচিব এমএম নাসির উদ্দিন, পেট্রো বাংলার চেয়ারম্যান ড. শেখ আব্দুর রশিদ, বড় পুকুরিয়া কয়লা খনির প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী রমেন্দ্র নাথ ঘোষ, দিনাজপুর জেলা প্রশাসক এ এম সাইফুল হাসান, পুলিশ সুপার মোস্তফা কামাল প্রমুখ।
উপদেষ্টা বড় পুকুরিয়া কয়লা খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্রে দু’ঘন্টা অবস্থান করেন। এ সময় কয়লা খনি প্রকল্প পরিচালক আব্দুল আজিজ জানান, বর্তমানে খনির একটি কূপ থেকে ৮শ’ থেকে এক হাজার মে. টন কয়লা উৎপাদন সম্ভব হচ্ছে।
প্রসঙ্গত, বড় পুকুরিয়া কয়লা খনি পুরোপুরি উৎপাদনে ব্যর্থ হওয়ায় গত মার্চ মাসে ৫০ হাজার মেট্টিক টন কয়লা আমদানির জন্য দরপত্র আহ্বান করে।
কিন্তু ভারত প্রতিটন কয়লার মূল্য বৃদ্ধি করে ১২০ ডলার করায় ঠিকাদারী প্রতিষ্ঠান কয়লা কিনতে অস্বীকৃতি জানায়। ইতোপূর্বে প্রতিটন কয়লা ৬০ ডলার দিয়ে কেনা হতো।
