২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা নববর্ষকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা জোরদার

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানকে সামনে রেখে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থার মনিটরিং করবেন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 07:10 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র সচিব আবদুল করীম সভায় সভাপতিত্ব করেন।

যুগ্মসচিব (রাজনৈতিক) মোজিবর রহমান, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে সচিব আবদুল করীম সাংবাদিকদের জানান, “শীর্ষ জঙ্গি নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর আপাতত পরিস্থিতি শান্ত থাকলেও সরকার নিরাপত্তা সংশ্লিষ্ট সবকিছু গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাই পহেলা বৈশাখ উপলক্ষেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

বাংলা নববর্ষে ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিডিআর ও আর্মড পুলিশ মোতায়েন করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও দায়িত্বে থাকবেন বলে জানান তিনি।

সচিব আবদুল করীম আরও জানান, শুধু ঢাকা শহরেই ছয় হাজার পাঁচশ নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবেন। রমনা পার্কের ভেতরে ও বাইরে এবং ছায়ানটের অনুষ্ঠানস্থলের আশেপাশের এলাকায় র‌্যাবের ২২টি ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরা (সিসিটিভি) বসানো হবে।

এছাড়া পার্কের ভেতরে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, পাঁচটি পর্যবেক্ষণ টাওয়ার ও ৫০টি চেক পোষ্ট বসানো হবে। প্রতিটি প্রবেশপথে দর্শণার্থীদের তল্লাশীর ব্যবস্থা রাখা হবে।

সচিব জানান, ঢাকায় নববর্ষ উপলক্ষে কমপক্ষে ৪০টি স্থানে মেলা ও উৎসবের আয়োজন করা হয়। এসব স্থানসহ বিভিন্ন বিপনি বিতান ও সাংস্কৃতিক অনুষ্ঠানস্থলের নিরাপত্তাও জোরদার করা হবে। জেলা ও উপজেলা পর্যায়েও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। হালখাতার অনুষ্ঠানগুলো যাতে নির্বিঘেœ হতে পারে সেজন্য সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিনেমা হল ও মঞ্চনাটক কেন্দ্রগুলোতেও নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

এক প্রশ্নের জবাবে আবদুল করীম বলেন, “দেশে তেমন কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে।”

২০০১ সালের পহেলা বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।