২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে এক লাখ ৯০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

বাংলাদেশ থেকে এক লাখ ৯০ হাজার দক্ষ ও অদক্ষ শ্রমিক নেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে মালয়েশিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 05:58 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

রোববার পররাষ্ট্র মন্ত্রাণালয়ের কার্যালয়ে উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মতিন চৌধুরী এ সময় সেখানে উপস্থিত ছিলেন ।

ইফতেখার আহমদ চৌধুরী জানান, মালয়েশিয়া বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে থাকে। এখন থেকে সরকারিভাবে শ্রমিক নেওয়ার ব্যাপারে মালয়েশিয়ার কাছে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।

আব্দুল মতিন চৌধুরী বলেন, “সম্প্রতি আমি মালয়েশিয়া সফর করেছি। বাংলাদেশের শ্রমশক্তির ব্যাপারে. সে দেশের সরকারের মনোভাব ইতিবাচক।”

বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তারা ৮০ হাজার টাকার জায়গায় দুই লাখেরও বেশি টাকা নিয়ে মালয়েশিয়ায় লোক পাঠাচ্ছে এমন অভিযোগও শোনা যাচ্ছে। এ ব্যাপারে মতিন চৌধুরী বলেন, “আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। প্রয়োজনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।”

তিনি আরও বলেন, শিগগিরই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। ওইসময় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।